বাঁধাকপি খাওয়ার আগে জেনে নিন সঠিকভাবে ধোয়ার নিয়ম
বাঁধাকপি শীতকালের একটি সহজলভ্য ও জনপ্রিয় সবজি। মাঞ্চুরিয়ান, কোফতা কিংবা নানা ধরনের তরকারিতে এর ব্যবহার রয়েছে। তবে এই পরিচিত সবজিটি ঠিকভাবে পরিষ্কার না করলে স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হতে পারে। অনেকেই বাঁধাকপি শুধু বাইরে থেকে ধুয়ে কেটে রান্না করেন, কিন্তু এর ভেতরের স্তরেই লুকিয়ে থাকতে পারে ময়লা, পোকামাকড়, ব্যাকটেরিয়া ও কীটনাশকের অবশিষ্টাংশ। তাই বাঁধাকপি খাওয়ার আগে সঠিকভাবে পরিষ্কার করা অত্যন্ত জরুরি।
১. উপরের পাতা ফেলে দিন
বাঁধাকপিকে একটি পরিষ্কার জায়গায় রেখে উপরের দুই থেকে তিনটি পাতা খুলে ফেলে দিন। এই পাতাগুলোতেই সাধারণত বেশি ধুলো, ময়লা ও কীটনাশক জমে থাকে। এই ধাপেই বাঁধাকপির অনেকটা অস্বাস্থ্যকর অংশ দূর হয়ে যায়।
২. কেটে নিয়ে ধোয়া জরুরি
বাঁধাকপি সম্পূর্ণ অবস্থায় ধোয়া যথেষ্ট নয়। এটিকে দুই বা চার টুকরো করে কাটুন, যাতে ভেতরের স্তরগুলো আলাদা হয়। এতে পাতার ফাঁকে লুকিয়ে থাকা ময়লা ও পোকামাকড় সহজে বের হয়ে আসে।
৩. পানিতে ভিজিয়ে রাখুন
একটি বড় পাত্রে পরিষ্কার পানি নিন এবং কাটা বাঁধাকপির টুকরোগুলো তাতে ডুবিয়ে দিন। ১০–১৫ মিনিট ভিজিয়ে রাখলে পাতার ভেতরের ময়লা ও ছোট পোকা বের হয়ে আসে।
চাইলে পানিতে সামান্য লবণ মেশাতে পারেন—এটি পোকামাকড় দূর করতে ও ব্যাকটেরিয়ার পরিমাণ কমাতে সাহায্য করে। কেউ কেউ ভিনেগার বা বেকিং সোডাও ব্যবহার করেন, যা কীটনাশকের প্রভাব কমাতে সহায়ক।
৪. ভালোভাবে ধুয়ে নিন
ভেজানোর পর হাত দিয়ে আলতো করে বাঁধাকপির টুকরোগুলো নেড়ে দিন এবং পানি ফেলে দিন। এরপর পরিষ্কার পানি দিয়ে ২–৩ বার ভালোভাবে ধুয়ে নিন।
৫. পানি ঝরিয়ে নিন
ধোয়ার পর বাঁধাকপিকে ছাঁকনিতে রাখুন অথবা পরিষ্কার কাপড়ের ওপর ছড়িয়ে দিন, যাতে অতিরিক্ত পানি ঝরে যায়। ভেজা অবস্থায় কাটা বা রান্না করলে খাবারে পানি বেরিয়ে আসতে পারে, ফলে স্বাদ ও গঠন নষ্ট হয়। বিশেষ করে সালাদের জন্য ব্যবহার করলে পুরোপুরি শুকানো জরুরি।
কেন এত সতর্কতা প্রয়োজন?
বাঁধাকপিতে অনেক সময় কৃমি ও তাদের ডিম থাকতে পারে। সঠিকভাবে পরিষ্কার না করলে বা প্রয়োজনে গরম ভাপে না দিলে এসব ডিম শরীরে প্রবেশের ঝুঁকি থাকে। তাই বাঁধাকপি ভালোভাবে ধুয়ে, প্রয়োজন হলে হালকা ভাপে নিয়ে তারপর রান্না করাই সবচেয়ে নিরাপদ।