শীতার্তদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান বিএইচআরএফ চেয়ারপার্সনের
বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ)-এর চেয়ারপার্সন ও মানবাধিকার নেত্রী অ্যাডভোকেট এলিনা খান দেশজুড়ে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে মানবাধিকারকর্মী ও সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
ঢাকায় অনুষ্ঠিত বিএইচআরএফ-এর ট্রাস্টি বোর্ড সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “মানবিকতা মানুষের অন্যতম শ্রেষ্ঠ গুণ। মতভেদ ভুলে শীতের এই কঠিন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”
তিনি আরও বলেন, যার যতটুকু সামর্থ্য রয়েছে, সে অনুযায়ী সহায়তা করা উচিত। মানবিক চেতনায় বিশ্বাসী মানুষ অন্যের কষ্ট দেখে নিশ্চুপ থাকতে পারে না।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ)-এর চেয়ারপার্সন অ্যাডভোকেট এলিনা খান এবং সভা সঞ্চালনা করেন সংগঠনের মহাসচিব অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান।
আলোচনায় অংশ নেন ট্রাস্টি বোর্ডের সদস্য ও উপদেষ্টাদের মধ্যে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের অনারারি কনসাল হিজ এক্সেলেন্সি জিয়াউদ্দিন আদিল, মো. ওমর ফারুক, অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ হারুন, অ্যাডভোকেট সরকার আসিফ পিয়াল, লায়ন সালমা আদিল এমজেএফ এবং ফাতিমা যাহরা আহসান রাইসা। বক্তারা মানবিক সেবায় সম্মিলিত দায়িত্ববোধের গুরুত্বের ওপর জোর দেন।
সভায় জানানো হয়, ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা ও পাবনা জেলার ঈশ্বরদীসহ বিভিন্ন এলাকায় বিএইচআরএফ-এর শাখাগুলো ইতোমধ্যে শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ কার্যক্রম শুরু করেছে। শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় এসব কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।
এ সময় ট্রাস্টি বোর্ড সদস্য ও সালমা আদিল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা লায়ন সালমা আদিল এমজেএফ শীতার্ত মানুষের সহায়তায় ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন।
এছাড়াও সভায় সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে নির্বাচিত কয়েকটি জেলায় নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা এবং আইন ও মানবাধিকার মেলার পরিকল্পনা উল্লেখযোগ্য। পাশাপাশি ১০ ডিসেম্বর ২০২৫ তারিখে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপনকারী শাখাগুলোর মধ্যে পুরস্কার ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফলে,প্রথম স্থান অর্জন করে কুমিল্লা মহানগর শাখা,দ্বিতীয় স্থান পায় হাটহাজারী উপজেলা শাখা,
তৃতীয় স্থান অর্জন করে চট্টগ্রাম জেলা ও মহানগর শাখা
এবং ঈশ্বরদী শাখা বিশেষ সম্মাননা লাভ করে।