গুম-খুনের পরিবারদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান
বিগত গণতান্ত্রিক আন্দোলনের সময় গুম ও খুনের শিকার ব্যক্তিদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১৭ জানুয়ারি) বেলা সোয়া ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া এই অনুষ্ঠানের যৌথ আয়োজক ছিল “আমরা বিএনপি পরিবার” ও “মায়ের ডাক”।
সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কোষাধ্যক্ষ ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা রশিদুজ্জামান মিল্লাত। এছাড়া নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা, বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন এবং মায়ের ডাক-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলিও উপস্থিত ছিলেন।
সভায় অংশগ্রহণকারীরা গুম ও খুনের শিকার পরিবারগুলোর অভিজ্ঞতা শোনার পাশাপাশি ভবিষ্যতে তাঁদের জন্য সমর্থন ও ন্যায়বিচারের পথে কীভাবে এগোনো যায় তা নিয়ে আলোচনা করেন।