সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৪ অপরাহ্ণ

রমজানে ওমরাহ করতে চাইলে বাড়তি খরচের শঙ্কা

পবিত্র রমজানকে কেন্দ্র করে ওমরাহ পালনের পরিকল্পনা করা মুসল্লিদের জন্য এসেছে সতর্কবার্তা। ভ্রমণসেবা সংশ্লিষ্টরা জানিয়েছেন, সময়মতো বুকিং না দিলে রমজানে ওমরাহ প্যাকেজের খরচ দ্বিগুণ- তিনগুণ পর্যন্ত বেড়ে যেতে পারে। তাই আগ্রহীদের দ্রুত সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, রমজান মাসে মক্কা ও মদিনায় মুসল্লির ঢল নামে। ফলে পরিবহন ও আবাসন খাতে বাড়তি চাপ সৃষ্টি হয়, যার সরাসরি প্রভাব পড়ে প্যাকেজ মূল্যে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ওমরাহ অপারেটররা জানিয়েছেন, এই সময়ে হোটেল ও যানবাহনের ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়ে যায়।

বর্তমানে বাসে ওমরাহ প্যাকেজের খরচ প্রায় ১ হাজার ২০০ দিরহাম হলেও খুব শিগগিরই তা ১ হাজার ৪০০ দিরহামে পৌঁছাতে পারে। রমজান যত কাছাকাছি আসবে, এই ব্যয় ২ হাজার দিরহামেরও বেশি হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। অপারেটররা বলছেন, অনেক যাত্রী শেষ মুহূর্তে কম দামের আশায় অপেক্ষা করেন, কিন্তু তখন আসন ও হোটেল সংকটের কারণে বেশি অর্থ গুনতে হয়।

আকাশপথে ওমরাহ করতে চাইলে ব্যয় আরও বাড়বে। বর্তমানে ফ্লাইটসহ ওমরাহ প্যাকেজের দাম শুরু হচ্ছে প্রায় ৩ হাজার ৫০০ দিরহাম থেকে। তবে রমজান শুরু হলে এই খরচ ৫ হাজার ২০০ দিরহাম ছাড়িয়ে ৮ হাজার দিরহাম পর্যন্ত উঠতে পারে। বিশেষ করে রমজানের শেষ দশকে প্যাকেজের দাম সবচেয়ে বেশি হবে বলে জানিয়েছেন ট্যুর অপারেটররা।

বিশ্লেষণে দেখা গেছে, উড়োজাহাজের টিকিটের দাম তুলনামূলকভাবে স্থিতিশীল থাকলেও হোটেল ভাড়াই ব্যয় বৃদ্ধির মূল কারণ। মসজিদুল হারামের কাছাকাছি অবস্থিত হোটেলগুলোর ভাড়া রমজানে দ্বিগুণ এবং শেষ দশ দিনে তিনগুণ পর্যন্ত বেড়ে যায়।

এদিকে হজের প্রস্তুতির অংশ হিসেবে ওমরাহ ভিসার সময়সীমাও সীমিত করা হয়েছে। আগামী ১৭ মার্চের পর ওমরাহ ভিসার আবেদন গ্রহণ বন্ধ হবে। ভিসাধারীদের ২ এপ্রিলের মধ্যে সৌদি আরবে প্রবেশ করতে হবে এবং ১৮ এপ্রিলের মধ্যে দেশ ত্যাগ করতে হবে।

সব মিলিয়ে, রমজানে ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য খরচ ও সময়—দুটো দিক বিবেচনায় রেখে আগেভাগে পরিকল্পনা ও বুকিং দেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

আরো