সোমবার, ২৫ মে, ২০২৬, ৮:২১ পূর্বাহ্ণ

১৩তম জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকদের মনোনয়ন বাতিলের জোর দাবি ছাত্রপক্ষের

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীদের মনোনয়ন বাতিলের জোর দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্রপক্ষ। প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই ও আপিল নিষ্পত্তি চলাকালীন এ বিষয়ে নির্বাচন কমিশনের কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
রোববার এক যৌথ বিবৃতিতে সংগঠনটির সভাপতি মুহাম্মদ প্রিন্স ও সাধারণ সম্পাদক রাফিউর রহমান ফাত্তাহ বলেন, সংবিধানের ৬৬(২) অনুচ্ছেদ অনুযায়ী কোনো ব্যক্তি বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করলে বা বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা করলে তিনি সংসদ সদস্য হওয়ার যোগ্য নন। অথচ উদ্বেগজনকভাবে দেখা যাচ্ছে, এই সাংবিধানিক বিধান উপেক্ষা করে অনেক দ্বৈত নাগরিক নির্বাচনে অংশগ্রহণের চেষ্টা করছেন।
বিবৃতিতে বলা হয়, একটি বৈষম্যহীন ও সার্বভৌম রাষ্ট্র গঠনে জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা প্রশ্নাতীত হওয়া জরুরি। জাতীয় নিরাপত্তা ও রাষ্ট্রীয় কৌশল নির্ধারণে বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য থাকা ব্যক্তিদের সম্পৃক্ততা দেশের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

ছাত্রপক্ষ তাদের দাবিতে উল্লেখ করে—
সংবিধানের কঠোর প্রয়োগ: নির্বাচন কমিশনকে সংবিধানের ৬৬(২) অনুচ্ছেদ অনুযায়ী দ্বৈত নাগরিকদের মনোনয়ন অবৈধ ঘোষণা করতে হবে।

তথ্য যাচাইয়ে কঠোরতা: আগামী ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়ের আগেই গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট দূতাবাসের মাধ্যমে সন্দেহভাজন প্রার্থীদের নাগরিকত্ব যাচাই করতে হবে।

স্বার্থের সংঘাত রোধ: রাষ্ট্র পরিচালনায় বিদেশি আনুগত্যসম্পন্ন ব্যক্তিদের অংশগ্রহণ রোধ নিশ্চিত করতে হবে।
আজীবন নিষেধাজ্ঞা: তথ্য গোপন করে মনোনয়ন দাখিলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভবিষ্যতে সব ধরনের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, যারা অন্য দেশের নাগরিকত্ব ত্যাগে অনিচ্ছুক, তাদের হাতে বাংলাদেশের জনগণের ভাগ্য নির্ধারণের দায়িত্ব দেওয়া গণতান্ত্রিক চেতনার পরিপন্থী। আসন্ন এই ঐতিহাসিক নির্বাচনে কেবল জন্মভূমির প্রতি শতভাগ অনুগত ও দেশপ্রেমিক নাগরিকদের নেতৃত্ব দেওয়াই জনগণের প্রত্যাশা।

আরো