সোমবার, ২৫ মে, ২০২৬, ৬:১৬ পূর্বাহ্ণ

আদা খাওয়ার সঠিক উপায়েই কমতে পারে বাড়তি ওজন

ওজন কমাতে প্রাকৃতিক উপাদানের কথা বললে আদার নাম সবার আগে আসে। রান্নাঘরের এই পরিচিত মসলাটি সঠিকভাবে খাদ্যতালিকায় যুক্ত করলে বাড়তি মেদ ঝরানো অনেকটাই সহজ হতে পারে। বিশেষ করে আদা দিয়ে তৈরি কিছু পানীয় নিয়ম মেনে পান করলে শরীরের ভেতর থেকে কাজ শুরু করে। এর মধ্যে আদা চা সবচেয়ে কার্যকর ও সহজ একটি উপায় হিসেবে পরিচিত।

কেন আদা ওজন কমাতে সাহায্য করে

আদায় রয়েছে নানা ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ উপাদান ও উপকারী যৌগ, যা শরীরের বিপাকক্রিয়া সক্রিয় রাখতে সহায়তা করে। মেটাবলিজম দ্রুত হলে শরীরে জমে থাকা অতিরিক্ত চর্বি পোড়ার হারও বাড়ে। ভারী খাবারের পর আদা চা পান করলে হজম শক্তিশালী হয় এবং গ্যাস বা পেট ফাঁপার সমস্যা কমে। এছাড়া আদার অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ শরীরে অপ্রয়োজনীয় পানি জমতে দেয় না, যা ওজন বৃদ্ধির অন্যতম কারণ।

ওজন কমাতে আদা চা তৈরির সহজ উপায়

আদা চা তৈরি করা খুবই সহজ। প্রথমে ২ টেবিল চামচ আদার রসের সঙ্গে ২ টেবিল চামচ লেবুর রস মেশান। এতে সামান্য গোলমরিচের গুঁড়া ও অল্প পিঙ্ক সল্ট যোগ করুন। এই মিশ্রণ এক কাপ কুসুম গরম পানিতে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হবে ওজন কমানোর উপযোগী আদা চা।

অন্য একটি উপায়ে আদা কুচি করে পানিতে ফুটিয়ে নিন। এরপর সেই পানিতে একটি গ্রিন টি ব্যাগ ও এক টুকরো দারুচিনি দিয়ে ঢেকে পাঁচ মিনিট রেখে দিন। হালকা গরম অবস্থায় পান করলে উপকার বেশি পাওয়া যায়। দিনে দুইবার এই চা পান করা যেতে পারে।

আদা-লেবুর ডিটক্স ওয়াটারও কার্যকর

যারা চা পান করতে পছন্দ করেন না, তারা আদা ও লেবু দিয়ে ডিটক্স ওয়াটার তৈরি করতে পারেন। রাতে ঘুমানোর আগে এক টুকরো আদা হালকা থেঁতো করে পানিতে ভিজিয়ে রাখুন এবং সঙ্গে লেবুর একটি টুকরো দিন। পরদিন সকালে নাস্তার পর এই পানি পান করলে শরীর থেকে টক্সিন বের হতে সাহায্য করে, হজম ভালো রাখে এবং ত্বকেও আনে সতেজতা।

সুষম খাদ্যাভ্যাস ও হালকা ব্যায়ামের সঙ্গে নিয়মিত আদা চা বা ডিটক্স ওয়াটার পান করলে ধীরে ধীরে ওজন কমানো সম্ভব। তবে অতিরিক্ত কিছু করার আগে নিজের শরীরের অবস্থা বুঝে নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আরো