অনির্দিষ্টকালের জন্য ক্লাস বন্ধ ঘোষণা ইউএপিতে
ঢাকার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)-এ চলমান উত্তেজনাকর পরিস্থিতির প্রেক্ষিতে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়, বিদ্যমান পরিস্থিতিতে নিয়মিত পাঠদান অব্যাহত রাখা সম্ভব নয়। পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস স্থগিত থাকবে।
এর আগে রোববার (১৮ জানুয়ারি) শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়ের বেসিক সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের সহকারী অধ্যাপক লায়েকা বশীরকে স্থায়ীভাবে বহিষ্কার করে কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে হিজাব ও নিকাব নিয়ে অবমাননাকর মন্তব্য, মুসলিম শিক্ষার্থীদের হয়রানি এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ ওঠে।
একই বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. এ. এস. এম. মহসিনকেও আওয়ামী রাজনৈতিক পক্ষপাতমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়। তবে দুই শিক্ষককে বহিষ্কারের পরও ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় শেষ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস বন্ধের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এর আগে ১৮ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, হিজাব ও নিকাব পরার কারণে মুসলিম নারী শিক্ষার্থীদের প্রকাশ্যে অপমান, বৈষম্যমূলক আচরণ, ইসলামের বিধান নিয়ে কটূক্তি ও মানসিক নির্যাতন করেছেন লায়েকা বশীর। এছাড়া ক্লাস চলাকালে নামাজে বাধা দেওয়া, নিকাব খুলতে চাপ সৃষ্টি এবং পরীক্ষায় পক্ষপাতদুষ্ট মূল্যায়নের অভিযোগও তোলেন তারা। এসব অভিযোগের পক্ষে ভিডিও প্রমাণ তাদের কাছে রয়েছে বলেও দাবি করেন শিক্ষার্থীরা।