আগামী পাঁচ দিন শুষ্ক আবহাওয়া, ভোরে কুয়াশার সম্ভাবনা
সারা দেশে আগামী পাঁচ দিন আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে শুষ্ক আবহাওয়ার পাশাপাশি শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি মাত্রার কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
রোববার (২৫ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। এদিন রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে দিনের তাপমাত্রায় তেমন পরিবর্তন নাও আসতে পারে।
সোমবার (২৬ জানুয়ারি) সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকলেও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। এদিনও শেষরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) রাত ও দিনের উভয় তাপমাত্রাই সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিনও আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, এ সময়কালে ভোরের দিকে কুয়াশার কারণে যান চলাচলে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।