দীর্ঘ অপেক্ষার অবসান, ২৯ জানুয়ারি বগুড়ায় পৈতৃক ভিটায় যাচ্ছেন তারেক রহমান
প্রায় বিশ বছর পর নিজ পৈতৃক জেলা বগুড়ায় আসছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। আগামী বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে অনুষ্ঠিত হবে তার নির্বাচনী জনসভা। এ উপলক্ষে জেলাজুড়ে বিরাজ করছে রাজনৈতিক উত্তাপ ও উৎসবমুখর আবহ।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এবারই প্রথম বগুড়া-৬ (সদর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারেক রহমান। ফলে এই জনসভাকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে বাড়তি আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
রোববার (২৫ জানুয়ারি) বিকেলে জনসভার নির্ধারিত স্থান আলতাফুন্নেছা খেলার মাঠ পরিদর্শন করেন জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা। এ সময় মঞ্চ, জনসমাগম ও নিরাপত্তাসহ সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করা হয়। পরিদর্শন শেষে জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশাহ জানান, বগুড়াবাসী তাদের প্রিয় নেতাকে বরণ করে নিতে প্রস্তুত। জনসভাকে সফল করতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং এটি জনসমুদ্রে রূপ নেবে বলে তারা আশাবাদী।
দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান ২৮ জানুয়ারি রাজশাহীতে একটি নির্বাচনী সমাবেশে অংশ নেবেন। এরপর সড়কপথে বিভিন্ন স্থানে পথসভা করতে করতে ২৯ জানুয়ারি বগুড়ায় পৌঁছাবেন।
লন্ডনে দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফেরার পর এটি তারেক রহমানের প্রথম পূর্ণাঙ্গ উত্তরবঙ্গ সফর। এর আগে সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি। পরে ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও নারায়ণগঞ্জে বড় জনসভায় অংশ নিয়ে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।
তার আগমনকে কেন্দ্র করে গাবতলী ও বগুড়া সদর উপজেলার বিভিন্ন এলাকা ও মহল্লায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। শহরের প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে তোরণ নির্মাণ করা হয়েছে, লাগানো হয়েছে ব্যানার ও ফেস্টুন। জনসভা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ চলছে বলে জানিয়েছেন বিএনপির সংশ্লিষ্ট নেতারা।