ময়মনসিংহের নির্বাচনী সমাবেশে তারেক রহমান, ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান
দ্বিধা ও দ্বন্দ্ব ভুলে দলীয়ভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে ময়মনসিংহ বিভাগের নির্বাচনী সমাবেশের মঞ্চে উপস্থিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এটি নির্বাচনী প্রচারের পঞ্চম দিনে ঢাকার বাইরে তার তৃতীয় সমাবেশ।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) ময়মনসিংহ জেলা সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত সমাবেশে বিকেল ৪টা ৩ মিনিটে মঞ্চে ওঠেন তিনি। এর আগে দলীয় সূত্রে জানানো হয়েছিল, দুপুর আড়াইটায় তারেক রহমানের বক্তব্য দেওয়ার কথা ছিল।
সমাবেশে যোগ দেওয়ার আগে তারেক রহমান জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন এবং কুশল বিনিময় করেন।
নির্বাচনী সমাবেশকে ঘিরে সকাল থেকেই ময়মনসিংহসহ বিভাগের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় মাঠ ও আশপাশের এলাকায় দলীয় স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করেন।