৬.৩২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গণপূর্তের নির্বাহী প্রকৌশলী সাময়িক বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক
ছয় কোটি একত্রিশ লক্ষ সাতানব্বই হাজার টাকা সরকারি অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (সিভিল) মোঃ সাইফুজ্জামানকে সাময়িক বরখাস্ত করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম স্বাক্ষরিত ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা গণপূর্ত বিভাগ-৪ এ কর্মরত থাকাকালে ‘বাংলাদেশ সুপ্রিম কোর্টের জন্য রেকর্ড ভবন নির্মাণ প্রকল্প’-এর (W-1) প্যাকেজে DPP/RDPP/HOPE অনুমোদন ছাড়াই একটি প্যাকেজকে আটটি প্যাকেজে ভাগ করে ইজিপির মাধ্যমে টেন্ডার আহ্বান করা হয়। এতে কাজের অস্তিত্ব না থাকলেও ২০২৩–২৪ অর্থবছরে NDEL ব্যতীত আটটি ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে মোট ৬৩১.৯৭ লক্ষ টাকা ব্যয় দেখিয়ে বিল পরিশোধ করা হয়।
এসব অনিয়ম সরকারি অর্থ আত্মসাৎ ও দুর্নীতির শামিল হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৩৯(১) অনুযায়ী ৩ ফেব্রুয়ারি ২০২৬ থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরাকী ভাতা পাবেন।