বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১২:২৭ অপরাহ্ণ

নির্বাচন উপলক্ষে পানছড়িতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন, দুর্গম ২৭ ভোটকেন্দ্রে কঠোর নিরাপত্তা

‌নিজস্ব প্র‌তি‌বেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর দায়িত্বাধীন ২১ দশমিক ৮ কিলোমিটার সীমান্ত এলাকাসহ পানছড়ি ও দীঘিনালা উপজেলায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
নির্বাচনী নিরাপত্তার অংশ হিসেবে পানছড়ি উপজেলার ২৫টি এবং দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের ১টি—মোট ২৬টি ভোটকেন্দ্রের পাশাপাশি নাড়াইছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত একটি হেলি-সাপোর্টেড ভোটকেন্দ্রে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এ লক্ষ্যে গত ৩০ জানুয়ারি ২০২৬ থেকে পানছড়ি উপজেলায় ৪টি বেইজ ক্যাম্প স্থাপন করে ৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

মোতায়েনকৃত বিজিবি সদস্যরা যানবাহন, পায়ে হেঁটে ও নদীপথে নিয়মিত ডমিনেশন টহল পরিচালনা করছে। একই সঙ্গে ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় ড্রোন নজরদারি, বডি ওর্ন ক্যামেরা এবং আধুনিক রায়ট কন্ট্রোল সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। এছাড়া নির্বাচন উপলক্ষে লোগাং বিজিবি ক্যাম্প ও গিলাতলী বিওপি এলাকায় ২টি চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।

ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে বিজিবি জনসংযোগ, জনসচেতনতামূলক কার্যক্রম, ঝুঁকি বিশ্লেষণ এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিত টহল পরিচালনা করছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে উপকূলীয় ৬টি উপজেলা ব্যতীত ৪৮৯টি উপজেলায় ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করছে। নির্বাচনকালে ভোটারদের নিরাপত্তা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা ও আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

আরো