এফডিসির পাশ দিয়ে গেলেই মন খারাপ হয়: ববিতা
বাংলাদেশ চলচ্চিত্রের স্বর্ণালি যুগের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ববিতা এফডিসির বর্তমান অবস্থা নিয়ে গভীর হতাশা প্রকাশ করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, যে প্রাঙ্গণে কৈশোর থেকে জীবনের সেরা সময় কাটিয়েছেন, সেই জায়গাটিই এখন তার কাছে বেদনার হয়ে উঠেছে।
ববিতা জানান, মাত্র ১৩ বছর বয়সে এফডিসিতে কাজ শুরু করেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে প্রায় ৩০০ চলচ্চিত্রে অভিনয় করেছেন। সকাল, বিকাল, রাত—এমনকি একাধিক শিফটে টানা কাজ করার স্মৃতিও রয়েছে তার। সেই ব্যস্ত ও প্রাণচঞ্চল পরিবেশ এখন আর নেই বলেই মন্তব্য করেন তিনি।
তার ভাষায়, এফডিসির পাশ দিয়ে গাড়ি গেলে এখনও একবার তাকান, কিন্তু আগের মতো ভালো লাগে না। অনেক ফ্লোর ভেঙে ফেলা হয়েছে, আগের কর্মচাঞ্চল্য নেই—এসব পরিবর্তন তাকে কষ্ট দেয়।
বর্তমান পরিস্থিতিতে চলচ্চিত্রের চেয়ে বিজ্ঞাপনচিত্রের কাজ বেশি হচ্ছে বলেও আক্ষেপ করেন এই অভিনেত্রী। তার মতে, একসময় যেখানে নিয়মিত সিনেমার শুটিং হতো, এখন সেখানে সিনেমা নির্মাণের সংখ্যা অনেক কমে গেছে।
গুণী পরিচালকদের অভাবের কথাও তুলে ধরেন ববিতা। তিনি বলেন, অতীতে জহির রায়হান, খান আতাউর রহমান, আমজাদ হোসেন, সুভাষ দত্ত, নারায়ণ ঘোষ মিতার মতো নির্মাতাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন তিনি। সেই মান ও মেধার ধারাবাহিকতা এখন চোখে পড়ে না বলেই মন্তব্য করেন।
এফডিসির প্রশাসনিক দিক নিয়েও প্রশ্ন তোলেন ববিতা। তার মতে, চলচ্চিত্রের উন্নয়নে অভিজ্ঞ ও জ্ঞানসম্পন্ন ব্যক্তিদের সম্পৃক্ত করা জরুরি। শুধুমাত্র প্রশাসনিক দক্ষতা যথেষ্ট নয়, চলচ্চিত্র সম্পর্কে গভীর ধারণা না থাকলে সঠিক সিদ্ধান্ত নেওয়া কঠিন—এমন মত দেন তিনি।