ধর্মীয় সহযোগিতা জোরদারে বাংলাদেশ–মালয়েশিয়ার সম্মতি
ধর্ম সংক্রান্ত সহযোগিতা জোরদারে সম্মত হয়েছে বাংলাদেশ ও মালয়েশিয়া। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক ভার্চুয়াল দ্বিপাক্ষিক বৈঠকে এ বিষয়ে একমত হন কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সিনেটর ড. জুলকিফলি হাসান।
বৈঠকে হজ ব্যবস্থাপনা, যাকাত প্রশাসন এবং ধর্মীয় শিক্ষা ব্যবস্থার উন্নয়নে পারস্পরিক অভিজ্ঞতা ও সর্বোত্তম চর্চা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়। ধর্মমন্ত্রী কায়কোবাদ হজ কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি, যাকাত ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের মধ্যে ধর্ম বিষয়ক সহযোগিতা ভবিষ্যতে আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করা হয়। পাশাপাশি, সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে ধর্মীয় শিক্ষাকে আরও কার্যকর ও সময়োপযোগী করার সম্ভাবনাও আলোচনায় আসে।