বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ও জাতীয় দৈনিক মাতৃজগতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
বিশেষ প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (BCPC) ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা পরিবারের উদ্যোগে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১০ রমজান, শনিবার রাজধানীর মিরপুর-১০ নম্বরে অবস্থিত বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কার্যালয় প্রাঙ্গণে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা ও মাতৃজগত অনলাইন পোর্টাল টিভি চ্যানেলের সম্পাদক মোঃ খাঁন সেলিম রহমান। স্বাগত বক্তব্যে তিনি বলেন, সাংবাদিক সমাজ কেবল সংবাদ পরিবেশনের মধ্যেই সীমাবদ্ধ নয়; সামাজিক ও মানবিক দায়িত্ব পালনে তাদের সক্রিয় ভূমিকা থাকা উচিত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেসক্লাব-এর সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি দেশের স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করা, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সাংবাদিকদের জন্য সরকারি ভাতা প্রবর্তনের দাবি জানান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল হাসান মাহি সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক সুরক্ষা কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন। তিনি বলেন, সাংবাদিক সমাজ মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের হৃদয়ে স্থান করে নিতে পারে—আজকের আয়োজন তারই উজ্জ্বল দৃষ্টান্ত।
এছাড়া বক্তব্য দেন:
এস. এম. বদরুল আলম, সভাপতি, মিরপুর প্রেসক্লাব
মোঃ শিহাব উদ্দিন, প্রকাশক-সম্পাদক, দৈনিক জন জাগরণ
আব্দুল্লাহ আল মামুন, সভাপতি, মিরপুর রিপোর্টার্স ক্লাব
মোঃ ইসরাফিল, সাধারণ সম্পাদক, মিরপুর রিপোর্টার্স ক্লাব
মোঃ জাকির মোল্লা, প্রকাশক-সম্পাদক, দৈনিক খবর বাংলাদেশ বারী, নির্বাহী সম্পাদক, দৈনিক অন্যায়ের চিত্র
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক ও গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি।
ইফতার পূর্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ও মাতৃজগত পত্রিকা পরিবারের সার্বিক উন্নতি, সাংবাদিক সমাজের কল্যাণ এবং দেশের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া শেষে শান্তিপূর্ণ পরিবেশে অংশগ্রহণকারীরা ইফতার গ্রহণ করেন এবং পরবর্তীতে সাংবাদিকদের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন সাংবাদিক সমাজের মধ্যে ভ্রাতৃত্ববোধ জোরদার করবে এবং সংগঠন দুটির কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।