সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৫:৫৪ অপরাহ্ণ

প্রাথমিকে মানোন্নয়নে কড়া তদারকি: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী

আলী আহসান রবি

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হবে এবং সংশ্লিষ্টদের কাজে গতি আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

বুধবার (৪ মার্চ) দুপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর-এর হলরুমে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, শিক্ষার ভিত্তি গড়ে ওঠে প্রাথমিক বিদ্যালয়ে। তাই প্রাথমিক স্তর থেকেই বিশেষ নজর দিতে হবে। সঠিক পরিকল্পনার বাস্তবায়ন ছাড়া কাঙ্ক্ষিত ফল অর্জন সম্ভব নয়। তিনি বলেন, শিক্ষা বর্তমান প্রধানমন্ত্রীর অগ্রাধিকারপ্রাপ্ত খাত। প্রতি শনিবার শিক্ষা বিষয়ক পর্যালোচনা সভায় সপ্তাহব্যাপী অগ্রগতি উপস্থাপন করতে হয়। শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

তিনি আরও বলেন, কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন দাবি-দাওয়া থাকবেই। যৌক্তিক দাবিগুলো পর্যায়ক্রমে পূরণ করা হবে এবং কাউকে বঞ্চিত করা হবে না। বাজেট বৃদ্ধি পেলে অনেক সমস্যার সমাধান সহজ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মন্ত্রী মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করে বলেন, সবাই নিজ নিজ অবস্থান থেকে আরও আন্তরিক হলে শিক্ষার মান উন্নয়ন সম্ভব। অতীতের প্রকল্পগুলোর মূল্যায়ন করে মিশন-ভিশন বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হবে। অবকাঠামো উন্নয়নের পাশাপাশি এখন থেকে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেওয়া হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর-এর মহাপরিচালক আবু নূর মোঃ শামসুজ্জামানের সভাপতিত্বে সভায় অধিদপ্তরের ঊর্ধ্বতন ও মাঠপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো