অংশীদারিত্ব ও সহযোগিতা গভীর করার অঙ্গীকার নবায়ন করল বাংলাদেশ ও ইতালি
আলী আহসান রবি
বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো আজ সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। তিনি প্রতিমন্ত্রীকে তাঁর সাম্প্রতিক দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং দীর্ঘস্থায়ী ও সৌহার্দ্যপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে ইতালির আস্থা ব্যক্ত করেন।
উভয় পক্ষই শক্তিশালী জনসম্পর্কের ওপর ভিত্তি করে গড়ে ওঠা বাংলাদেশ-ইতালি সম্পর্কের অব্যাহত অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে। তারা বাণিজ্য ও বিনিয়োগ, চামড়া ও সিরামিক শিল্প, উৎপাদন, দক্ষতা উন্নয়ন, নারী ক্ষমতায়ন, শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময়, বেসরকারি খাতের সম্পৃক্ততা এবং প্রতিরক্ষা সহযোগিতাসহ বিভিন্ন অগ্রাধিকারমূলক খাতে সম্পৃক্ততা বাড়ানোর ব্যাপারে তাদের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। প্রতিমন্ত্রী ইউরোপীয় ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে ইতালির ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতার প্রতি ইতালির সমর্থন কামনা করেন। রাষ্ট্রদূত তাঁকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কার কর্মসূচির বিষয়ে ইতালির অবস্থান সম্পর্কে অবহিত করেন।
আলোচনায় অভিবাসন ও গতিশীলতা বিশেষভাবে আলোচিত হয়। প্রতিমন্ত্রী কার্যকর অভিবাসন ব্যবস্থাপনা নিশ্চিত করতে ইতালি এবং অন্যান্য ইউরোপীয় অংশীদারদের সাথে অব্যাহত সহযোগিতার প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি পারস্পরিক সুবিধা নিশ্চিত করতে নিয়মিত অভিবাসন পথের সুযোগ সম্প্রসারণের গুরুত্বের ওপর জোর দেন। রাষ্ট্রদূত অনিয়মিত অভিবাসন রোধে বাংলাদেশের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন এবং ইতালীয় সমাজে বাংলাদেশি সম্প্রদায়ের ইতিবাচক অবদানের কথা স্বীকার করেন।
উভয় পক্ষই আইনি পথ, দক্ষতা অংশীদারিত্ব এবং বাজারের চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ শ্রম গতিশীলতার ক্ষেত্রে বর্ধিত সহযোগিতার মাধ্যমে নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসনকে উৎসাহিত করার গুরুত্বের ওপর জোর দেয়।