বৈদেশিক বিনিয়োগে গুরুত্ব: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর গনি
নবনিযুক্ত প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) তানভীর গনি কূটনৈতিক যোগাযোগ জোরদার, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং বৈশ্বিক পুঁজিবাজারের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন।
আর্থিক খাতে আন্তর্জাতিকভাবে সুপরিচিত এই ব্যক্তিত্ব সম্প্রতি এ পদে নিযুক্ত হন। তিনি বর্তমানে হংকংভিত্তিক বিনিয়োগ ও পরামর্শদাতা প্রতিষ্ঠান দ্য ওসিরিস গ্রুপ-এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি টাইবোর্ন ক্যাপিটাল ম্যানেজমেন্ট-এ প্রেসিডেন্ট ও চিফ অপারেটিং অফিসার (COO) হিসেবে কাজ করেছেন এবং বৈশ্বিক বিনিয়োগ কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
নতুন দায়িত্বে তানভীর গনি বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মধ্যে সংযোগ জোরদার করতে কাজ করবেন। পাশাপাশি স্বচ্ছতা বৃদ্ধি, নীতির ধারাবাহিকতা নিশ্চিত করা এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীদের আস্থা অর্জনে ভূমিকা রাখবেন।
তিনি বাংলাদেশকে উচ্চমানের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (FDI)-এর একটি প্রতিযোগিতামূলক গন্তব্য হিসেবে গড়ে তুলতে এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।
তানভীর গনি বলেন, “বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে। বৈশ্বিক আস্থার দেশে পরিণত হতে প্রাতিষ্ঠানিক উৎকর্ষতা, স্বচ্ছতা এবং ধারাবাহিক নীতির বিকল্প নেই।”