মেসিদের বিপক্ষে খেলবে পাকিস্তান? শুরু হয়েছে প্রাথমিক আলোচনা
ফুটবল উন্নয়নের অংশ হিসেবে পাকিস্তান ও আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের মধ্যে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের প্রাথমিক আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানা গেছে।
সূত্রমতে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে- পাকিস্তান ফুটবল ফেডারেশন ও আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের মধ্যে একটি অনলাইন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে কোচিংয়ের মানোন্নয়ন, টেকনিক্যাল ট্রেনিং প্রোগ্রাম ও একটি সম্ভাব্য প্রীতি ম্যাচসহ দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে প্রাথমিক আলোচনা করা হয়।
উভয় পক্ষ একটি সুসংগঠিত উন্নয়ন উদ্যোগের অধীনে আর্জেন্টাইন কোচদের পাকিস্তান সফরের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে। এছাড়া পাকিস্তানের ফুটবল কাঠামোকে শক্তিশালী করার লক্ষ্যে একটি বিস্তৃত কারিগরি সহযোগিতা কাঠামোর সন্ধান করা হয়েছে।
আর্জেন্টিনায় পাকিস্তানি দূতাবাসে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেছেন রাষ্ট্রদূত হাসান আফজাল খান। সেখানে উপস্থিত ছিলেন পাকিস্তান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট সৈয়দ মহসিন গিলানি এবং তার দল। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের বিপণন পরিচালক ফ্রান্সিস্কো লেমিও ছিলেন। বিবৃতি অনুযায়ী, রাষ্ট্রদূত হাসান বলেছেন যে, এই উদ্যোগটি ‘সহযোগিতা জোরদার করার এবং পাকিস্তানের ফুটবলের প্রসারে অবদান রাখার একটি চমৎকার সুযোগ’ তৈরি করেছে।
যদি প্রস্তাবিত এই প্রীতি ম্যাচটি চূড়ান্ত হয়, তবে তা ফিফা বিশ্বকাপের পর অনুষ্ঠিত হবে। কোনো আনুষ্ঠানিক ঘোষণার আগে উভয় ফেডারেশনই এর বিভিন্ন লজিস্টিক (যাতায়াত ও ব্যবস্থাপনা) এবং কারিগরি দিক নিয়ে কাজ চালিয়ে যাওয়ার ব্যাপারে একমত হয়েছে।
সূত্রগুলো জোর দিয়ে জানিয়েছে যে, আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। প্রীতি ম্যাচ বা আনুষ্ঠানিক কোনো উন্নয়ন কর্মসূচি সম্পর্কে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর আগে আরও সমন্বয়ের প্রয়োজন রয়েছে।