কাঁচা আমের জেলি বানাবেন যেভাবে
গরমের দিনে কাঁচা আমের টক-মিষ্টি স্বাদ যেন আলাদা এক তৃপ্তি এনে দেয়। শুধু ভর্তা বা শরবত নয়, এই সময় ঘরেই খুব সহজে বানানো যায় সুস্বাদু কাঁচা আমের জেলি, যা সংরক্ষণ করে খাওয়া যাবে অনেকদিন। ঝটপট কিছু উপকরণ আর সামান্য যত্নেই তৈরি করা সম্ভব এই মজার রেসিপি। চলুন জেনে নেওয়া যাক, কাঁচা আমের জেলি বানাবেন যেভাবে।
উপকরণ
কাঁচা আম ৪-৫টি
চিনি স্বাদমতো
লবণ স্বাদমতো
লেবুর রস ২ চা চামচ
ফুড কালার (ঐচ্ছিক)
যেভাবে তৈরি করবেন
প্রথমে কাঁচা আমের খোসা ছাড়িয়ে পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে নিন। এরপর আঁটি বাদ দিয়ে আমগুলো ছোট ছোট টুকরায় কেটে নিন। কাটা আম কিছুক্ষণ ভাপে নরম করে নিয়ে ব্লেন্ডারে দিয়ে মসৃণ পেস্ট বানিয়ে নিন।
এরপর একটি পাত্রে আমের পেস্ট ঢেলে তাতে পরিমাণমতো চিনি, এক চিমটি লবণ এবং ২ চা চামচ লেবুর রস যোগ করুন। মাঝারি আঁচে চুলায় বসিয়ে ধীরে ধীরে নাড়তে থাকুন, যেন নিচে লেগে না যায়। ইচ্ছা করলে এই সময় সামান্য সবুজ ফুড কালার মিশিয়ে নিতে পারেন।
মিশ্রণটি ধীরে ধীরে ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দিন। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে একটি পরিষ্কার, বায়ুরোধী কাচের বয়ামে ভরে সংরক্ষণ করুন।