মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ণ

শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় বিটিএসবি’র তীব্র নিন্দা ও নিরাপত্তা নিশ্চিতে দাবি

শরীয়তপুরে কর্তব্যরত চিকিৎসক ডা. নাসিরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করেছে Blood Transfusion Society of Bangladesh (BTSB)। একই সঙ্গে চিকিৎসকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে সংগঠনটি।

সংগঠনটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, শরীয়তপুরের একটি সরকারি হাসপাতালে হার্ট অ্যাটাকে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. নাসিরের ওপর ন্যক্কারজনক ও বর্বরোচিত হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও দুঃখজনক।

বিবৃতিতে আরও বলা হয়, একজন চিকিৎসক জীবনের ঝুঁকি নিয়ে নিরলসভাবে মানুষের সেবায় নিয়োজিত থাকেন। কর্মরত অবস্থায় চিকিৎসকের ওপর এ ধরনের সহিংস হামলা শুধু নিন্দনীয়ই নয়, বরং এটি চিকিৎসকদের মধ্যে চরম নিরাপত্তাহীনতার পরিবেশ সৃষ্টি করছে।

এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে তিন দফা দাবি জানিয়েছে BTSB। দাবিগুলো হলো— হামলার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, চিকিৎসকদের সুরক্ষায় সময়োপযোগী ‘চিকিৎসক সুরক্ষা আইন’ প্রণয়ন ও বাস্তবায়ন এবং দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৪ ঘণ্টা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা।

বিবৃতিতে সংগঠনটি আরও উল্লেখ করে, চিকিৎসকদের ওপর যেকোনো ধরনের সহিংসতা, নির্যাতন ও হয়রানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে ডা. নাসিরের দ্রুত সুস্থতা কামনা করে দেশের চিকিৎসক সমাজের সঙ্গে সংহতি প্রকাশ করেছে BTSB।

আরো