কালীগঞ্জে এনডিডি শিশুদের অভিভাবকদের এডিএল প্রশিক্ষণ
লালমনিরহাটের কালীগঞ্জে নিউরো-ডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটি (এনডিডি) শিশু ও ব্যক্তিদের পিতা-মাতা, অভিভাবক ও কেয়ারগীভারদের অংশগ্রহণে ‘অ্যাক্টিভিটিজ অব ডেইলি লিভিং (এডিএল)’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুন) কালীগঞ্জ অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্রে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জি. আর. সারোয়ার। তিনি বলেন, এনডিডি শিশু ও ব্যক্তিদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে এবং তাদের দৈনন্দিন জীবনযাপনের দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি পরিবারভিত্তিক সহায়ক পরিবেশ গড়ে তোলার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডা. সালেহ উদ্দিন সাবু এনডিডি শিশুদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা, খাওয়াদাওয়া, চলাফেরা, আচরণগত সহায়তা ও পারিবারিক যত্ন বিষয়ে বাস্তবভিত্তিক আলোচনা করেন। তিনি বলেন, ধৈর্য, নিয়মিত অনুশীলন ও সঠিক দিকনির্দেশনার মাধ্যমে শিশুদের দৈনন্দিন দক্ষতা উল্লেখযোগ্যভাবে উন্নত করা সম্ভব।
বিশেষ অতিথি উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম এনডিডি শিশু ও ব্যক্তিদের সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে পরিবার, সমাজ ও সরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের আহ্বান জানান।
প্রশিক্ষক হিসেবে ফারহানা, কনসালট্যান্ট ফিজিওথেরাপি, অংশগ্রহণকারীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, মোটর স্কিল উন্নয়ন এবং ঘরোয়া পর্যায়ে অনুসরণযোগ্য বিভিন্ন কার্যকর কৌশল সম্পর্কে ধারণা দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্রের সহকারী পরিচালক মো. সামিউল মসনবী। তিনি বলেন, কেন্দ্রটি সেবাদানের পাশাপাশি অভিভাবকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে এনডিডি শিশু ও ব্যক্তিদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে।
কর্মশালায় অংশগ্রহণকারী অভিভাবক ও কেয়ারগীভাররা দৈনন্দিন জীবনযাপনে সহায়তার বিভিন্ন বাস্তবধর্মী কৌশল সম্পর্কে ধারণা লাভ করেন। পরে অতিরিক্ত জেলা প্রশাসক কেন্দ্রটি পরিদর্শন করে এর কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ আরও জোরদার করার আহ্বান জানান।