গত ১৫ বছরে রেলপথে দুর্ঘটনা ১৩৩৪টি: সংসদে রেলমন্ত্রী
গত ১৫ বছরে রেলপথে ছোট-বড় ১৩৩৪টি দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে পূর্বাঞ্চলে ১০৫১টি এবং পশ্চিমাঞ্চলে ২৮৩টি দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী শেখ রবিউল ইসলাম। বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে কুমিল্লা-৯ আসনের আবুল কালামের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।
রেলপথমন্ত্রী বলেন, দুর্ঘটনা প্রধানত রেললাইন ও পয়েন্টস অ্যান্ড ক্রসিংয়ের ত্রুটির কারণে বগি লাইনচ্যুত হয়। এ ছাড়া চাকার শার্পফ্রেঞ্জ, গেজের অসামঞ্জস্যতা, প্রাকৃতিক কারণে রেললাইন বেঁকে বা দেবে গিয়ে বগি লাইনচ্যুত হতে পারে।
তিনি বলেন, দুর্ঘটনা প্রতিরোধে রেললাইন রক্ষণাবেক্ষণ করাসহ নতুন রেললাইন নির্মাণের কাজ চলমান রয়েছে। এ ছাড়া দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট দায়ী ব্যক্তি বা বিভাগের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে।
সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের প্রশ্নের জবাবে রেলপথমন্ত্রী বলেন, মেট্রোরেল প্রকল্প নির্মাণে অনিয়ম বা দুর্নীতির কোনো অভিযোগ এখনো পাওয়া যায়নি। অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
শেখ রবিউল ইসলাম বলেন, মেট্রোরেল এমআরটি-৬ (উত্তর উত্তর-কমলাপুর) প্রকল্পে ডিপিপি ৩ বার সংশোধন বরা হয়েছে। প্রথমে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছিল ২১ হাজার ৯৮৫ কোটি সাত লাখ টাকা। দ্বিতীয় সংশোধনীতে প্রাক্কলিত ব্যয় ধরা হয় ৩৩ হাজার ৪৭১ কোটি ৯৯ লাখ টাকা। সর্বশেষ তৃতীয় সংশোধনীতে ৩২ হাজার ৭১৭ কোটি ৭৩ লাখ টাকা প্রাক্কলিত ব্যয় ধরা হয়।