বিমস স্টুডেন্ট উইংয়ের সভাপতি হলেন নেপালের অদিতি কারকি
বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটির( বিমস)স্টুডেন্ট উইংয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন অদিতি কারকি। তিনি নেপালের কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষার্থী। ২০২৪-২০২৫ সালে নেদারল্যান্ডের হেগে অনুষ্ঠিত আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় আইন বিতর্ক প্রতিযোগিতায় সফলভাবে অংশগ্রহণ করে তিনি আন্তর্জাতিকভাবে ১০ম স্থান অর্জন করেন।
বুধবার (১২ আগস্ট) বিমসের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এন গোস্বামী বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, বিমস একটি অলাভজনক ও অরাজনৈতিক প্রতিষ্ঠান। সরকারের নিবন্ধিত একটি স্ব-অর্থায়িত সংগঠন। মেডিয়েশন বা মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি, সমাজে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিষ্ঠানটি বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার, সম্মেলনসহ নানা কার্যক্রম পরিচালনা করে থাকে। শিক্ষার্থীদের মধ্যে মেডিয়েশন সম্পর্কে সচেতনতা তৈরির জন্য বিমসের একটি স্টুডেন্ট উইং রয়েছে। শিক্ষার্থীদের একটি সম্মেলনের অনুমোদনের মাধ্যমে অদিতি কারকিকে বিমসের স্টুডেন্ট উইংয়ের সভাপতি নির্বাচিত করা হয়েছে।