সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৬:৫২ অপরাহ্ণ

ডোমারে নছিমন-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৪

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর ডোমারে গরুবাহী নছিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহাজান আলী (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সকালে উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের ডোমার-জলঢাকা মহাসড়কের তিনবট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক ডা. এ কে ফাইজুল্লাহ বিপু ডিমলা উপজেলার রামডাঙ্গা গ্রামের সাইদুল ইসলামের ছেলে মোটরসাইকেল আরোহী শাহাজান আলীকে মৃত ঘোষণা করেন।

আহতরা হলেন—ডোমার উপজেলার গোমনাতী এলাকার মোতালেব হোসেনের ছেলে মমিনুর রহমান (৩০), জলঢাকা উপজেলার শিমুলবাড়ী গ্রামের মৃত আফছার আলীর ছেলে শফিকুল ইসলাম (৫০), রাবিয়ার রহমানের ছেলে মশিয়ার রহমান (৩৫) এবং ডিমলা উপজেলার রামডাঙ্গা গ্রামের আতিয়ার রহমানের ছেলে লোকমান হোসেন (৪৫)। তাদের মধ্যে মশিয়ার রহমান ও লোকমান হোসেনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের মামা আজিমুল ইসলাম জানান, শাহাজানসহ তিনজন মোটরসাইকেলে করে নীলফামারীর দিকে যাচ্ছিলেন। তিনবট এলাকায় একটি ভায়া সড়ক থেকে মহাসড়ক অতিক্রম করার সময় ডোমার অভিমুখী একটি গরুবাহী নছিমন মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজন ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ সময় নছিমনচালকসহ আরও দুজন আহত হন।

ডোমার থানার উপপরিদর্শক (এসআই) কাওসার আলী বলেন, খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুর্ঘটনায় নিহত শাহাজান আলীর মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো