জিয়ার মাজারে বিএনপির স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের শ্রদ্ধা
বিএনপির স্থায়ী কমিটির নবনির্বাচিত চার সদস্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন।
বিএনপির স্থায়ী কমিটির নবনির্বাচিত চার সদস্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে গিয়ে তারা শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে নবনির্বাচিত স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান সাংবাদিকদের বলেন, ‘‘যে প্রত্যাশা নিয়ে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে, দলের সঙ্গে জনগণের ব্রিজ নির্মাণ করব আমরা, সরকারের সঙ্গে জনগণের ব্রিজ নির্মাণ করব আমরা। জনগণকে নিয়ে এই দলকে, সরকারকে সহযোগিতা নিশ্চিত করতে কাজ করে যাব।’’
তিনি বলেন, ‘‘আমরা শপথ নিয়েছি, আমাদের প্রধানমন্ত্রী ঘোষিত সকল কর্মসূচি যে কোনো ত্যাগের বিনিময়ে বাস্তবায়ন করব।’’
বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘‘সরকারের প্রতি জনগণের যে আস্থা এসেছে, সেই আস্থা দায়িত্বের সঙ্গে আমরা এগিয়ে নিয়ে যাব। আজকে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার এবং তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়ে এই শপথই নিলাম। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যে কোনো মূল্যে আমরা রক্ষা করব।’’
স্থায়ী কমিটির আরেক সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, ‘‘আমাদের প্রধানমন্ত্রী যেভাবে এগিয়ে যাচ্ছেন, সেটি জনগণ গ্রহণ করেছেন। এখন সব দিকে একই কথা উঠছে যে হ্যাঁ, উনি সঠিকভাবে দেশ পরিচালনা করছেন।’’
তিনি বলেন, কিছু সমস্যা আছে, সেটা সমাধানের চেষ্টা করা হচ্ছে। বিশেষ করে বিদ্যুৎতের যে সমস্যা এটা নিয়ে উনি (প্রধানমন্ত্রী) কড়াইলে যে বক্তব্য দিয়েছেন সেখানে স্পষ্ট করেছেন। অতি শিগগিরই উনি সমাধান করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির নবনির্বাচিত সদস্য রুহুল কবির রিজভী আহমেদ, ইসমাইল জবিউল্লাহ, বিএনপি যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
