হরমুজে সংঘাতে ফের বাড়ল তেলের দাম
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পালটাপালটি হামলার ঘটনায় বিশ্ববাজারে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম বেড়েছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এদিন সকালে ব্রেন্ট ক্রুডের দাম ০.৫৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৬.৮০ ডলারে উঠেছে।
একই সময়ে ডব্লিউটিআই ক্রুডের দাম ০.৭২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯২.১৪ ডলারে পৌঁছেছে।
ইরান দাবি করেছে, হরমুজ প্রণালিতে তিনটি মার্কিন-সংশ্লিষ্ট জাহাজ এবং অনুমোদনহীন পথে চলাচলকারী তিনটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে তারা। তেহরানের দাবি, এর আগে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার ধ্বংস হওয়ার জবাবেই এসব হামলা চালানো হয়েছে।
অন্যদিকে, ওয়াশিংটনের দাবি, ইরানের যুদ্ধজাহাজে হামলার জবাব হিসেবেই তারা ওই হামলা চালিয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানবিরোধী যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৩০ শতাংশের বেশি বেড়েছে। হরমুজ প্রণালিকে ঘিরে নতুন করে উত্তেজনা বাড়ায় তেল সরবরাহ নিয়ে বাজারে অনিশ্চয়তাও আরও তীব্র হয়েছে।
