সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৩ অপরাহ্ণ

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ পাঁচ আইন কর্মকর্তার পদত্যাগ

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের পাঁচ আইন কর্মকর্তা হঠাৎ পদত্যাগ করেছেন। তাদের মধ্যে রয়েছেন একজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, দুইজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এবং দুজন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি)। ব্যক্তিগত কারণ দেখিয়ে তারা পৃথকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তার কাছে তারা পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগ করা কর্মকর্তারা হলেন-অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভুঞা, দুই ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী ও সুলতানা আকতার রুবী এবং দুই সহকারী অ্যাটর্নি জেনারেল রোহানী সিদ্দিকা ও প্রোজ্জ্বল চাকমা।

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভুঞা সোমবার সন্ধ্যায় তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “ব্যক্তিগত কারণ দেখিয়ে বিকেল ৩টার দিকে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছি।”

এর আগে সম্প্রতি সহকারী অ্যাটর্নি জেনারেল মো. নূরুল করিম পদত্যাগ করেন। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর তিনি আইনমন্ত্রী বরাবর পদত্যাগপত্র জমা দেন।

এছাড়া গত জুনে সরকারের নেওয়া একটি সিদ্ধান্তের প্রতিবাদে জামায়াত-সমর্থিত ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল একযোগে পদত্যাগপত্র জমা দেন।

আরো