বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩১ অপরাহ্ণ

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে চাঁদাবাজ বললে জনগণ বিচার করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, ঢালাওভাবে সরকারকে দোষারোপ করার জন্য চাঁদাবাজ বলা হচ্ছে। বিএনপিকে ঢালাওভাবে চাঁদাবাজ বলার তীব্র নিন্দা জানাই।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে পূজামণ্ডপসমূহের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা নিয়ে সভা শেষে করা প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার অব্যহতভাবে চেষ্টা করছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দু-একটা বিচ্ছিন্ন ঘটনা সামনে নিয়ে এসে সার্বিক আইনশৃঙ্খলা মূল্যায়ন করা ঠিক হবে না।’ এছাড়া রাড্ডা ও মাটিকাটার ঘটনায় সরকার নির্মোহ তদন্ত করছে বলেও জানান তিনি।

এসময় তিনি জানান, অতীতের যেকোনো সময়ের চেয়ে দেশে ধর্মীয় সম্প্রীতি প্রশংসনীয়। এটা হিন্দ ধর্মীয় নেতারাও স্বীকার করেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যেকোনো মানুষের উদ্বেগকে আমলে নেয় সরকার। তবে দুএকটি ঘটনাকে কেন্দ্র করে পুরো আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে যা বলা হচ্ছে, তা ঠিক নয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।

এক প্রশ্নের জবাব তিনি বলেন, রাজধানীর রাড্ডা ও মানিকদিতে স্টুডিওতে হামলার ঘটনার তদন্ত চলছে। দোষী যেই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া, রাজধানীর মিরপুর-১০ এ উচ্ছেদ অভিযানে হকার ও সিটি করপোরেশনের মধ্যে সংঘর্ষের ঘটনায় সমন্বয়হীনতার অভাব বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ জানান, দেশে যেকোনো সময়ের তুলনায় ধর্মীয় সম্প্রীতি অনেক ভালো। উৎসব মুখর পরিবেশে সারাদেশে প্রায় ৩৩ হাজার ৮শ’র বেশি পূজা মন্ডপে পূজা উদযাপন করবে সনাতন ধর্মাবলম্বীরা।

তিনি আরও জানান, এ বছর পূজার জন্য বরাদ্দ ৪ কোটি থেকে বাড়িয়ে ৫ কোটি টাকা করা হয়েছে। এবার পূজা মন্ডপের সংখ্যা গতবারের চেয়ে প্রায় দেড় হাজার বেশি বলে জানান তিনি।

তিনি দুর্গাপূজার ছুটির প্রসঙ্গে বলেন, আগে দুর্গাপূজার ছুটি ছিল ১ দিন, অন্তর্বর্তী সরকার আরও ১ দিন বাড়িয়েছিল, বিএনপি সরকার আরও ১ দিন বাড়ালো।

পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা বলেন, ছুটি আর অর্থ বরাদ্দ বাড়ানোতে সন্তুষ্ট পূজা উদযাপন পরিষদ। এ সময় তিনি পূজার আগে নিরীহ হিন্দু সম্প্রদায়ের কাউকে গ্রেফতার না করতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আহ্বান জানান।

আরো