মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৭:৪৫ অপরাহ্ণ

এল-দাবা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে রিঅ্যাক্টর প্রেসার ভেসেল হস্তান্তর

আর্ন্তজা‌তিক ডেস্ক

মিশরের এল-দাবা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (এনপিপি) ইউনিট–১ এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান রিঅ্যাক্টর প্রেসার ভেসেল (RPV) সফলভাবে প্রকল্পস্থলে পৌঁছেছে।

রিঅ্যাক্টর প্রেসার ভেসেল হলো একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অন্যতম প্রধান যন্ত্রাংশ, যেখানে রিঅ্যাক্টর কোর অবস্থান করে এবং নিয়ন্ত্রিত নিউক্লিয়ার ফিশন প্রক্রিয়া সম্পন্ন হয়। এটি উচ্চচাপ ও উচ্চতাপমাত্রা সহ্য করার মতোভাবে তৈরি, যাতে সম্পূর্ণ লিক-প্রুফ নিরাপত্তা নিশ্চিত থাকে এবং বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া নিরবচ্ছিন্ন থাকে।

রাশিয়ার রসঅ্যাটমের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের ইঝোরা প্ল্যান্টে নির্মিত এই RPV–এর ওজন ৩৩০ টনেরও বেশি। উৎপাদন প্রক্রিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ ধাপ সরাসরি পর্যবেক্ষণ করেন মিশরের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টস অথরিটি (NPPA)–এর প্রতিনিধিরা, যাতে আন্তর্জাতিক মান ও নিরাপত্তা বিধির সর্বোচ্চ অনুশাসন নিশ্চিত হয়।

উপকরণটি ১ অক্টোবর সেন্ট পিটার্সবার্গ বন্দর থেকে জাহাজে রওনা হয়ে ২০ দিনের সমুদ্রযাত্রা শেষে এল-দাবা প্রকল্পস্থলে পৌঁছায়।

এনপিপিএ চেয়ারম্যান ড. শরিফ হেলমি বলেন,
“ইউনিট–১ এর রিঅ্যাক্টর প্রেসার ভেসেল আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে স্থাপন করা হবে। আমরা এই গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জনে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”

অ্যাটমস্ট্রয়এক্সপোর্টের ভাইস প্রেসিডেন্ট এবং এল-দাবা এনপিপি নির্মাণ প্রকল্পের পরিচালক আলেক্সি কোন্নোনেঙ্কো বলেন,
“আমরা এ বছরের অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক—ইউনিট–১ এর রিঅ্যাক্টর প্রেসার ভেসেলের ডিজাইন পজিশনে স্থাপন—সম্পন্ন করার একেবারে কাছাকাছি এসে পৌঁছেছি।”

উল্লেখ্য, রসঅ্যাটমের ইঞ্জিনিয়ারিং ডিভিশন এল-দাবা নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্টের জেনারেল ডিজাইনার ও জেনারেল কন্ট্রাক্টর হিসেবে কাজ করছে। একই প্রতিষ্ঠান বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পেও জেনারেল ডিজাইনার ও কন্ট্রাক্টরের দায়িত্ব পালন করছে। রূপপুর প্রকল্পে দুটি ইউনিট নির্মিত হচ্ছে, প্রতিটির ক্ষমতা ১,২০০ মেগাওয়াট। প্রথম ইউনিট খুব শিগগিরই ফিজিক্যাল স্টার্ট-আপের দিকে অগ্রসর হচ্ছে।

আরো