রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬, ১:৩৬ অপরাহ্ণ

গাজা শহর খালি করার নির্দেশ, কয়েক ঘণ্টার বিমান হামলায় নিহত ৩৪

ফিলিস্তিনের গাজা শহর থেকে বাসিন্দাদের সরে যেতে নির্দেশ দিয়ে ব্যাপক বিমান ও কামান হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার কয়েক ঘণ্টার টানা হামলায় অন্তত ৩৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হাজার হাজার বাসিন্দা জীবন বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন। কেউ কেউ খালি পায়ে রাস্তায় নেমেছেন, সঙ্গে কিছুই আনতে পারেননি।

ফিলিস্তিনের গাজা শহর খালি করতে যে পরিকল্পনা হয়েছিল, তা বাস্তবায়নে এখন পুরোদমে হামলা চালাচ্ছে ইসরায়েল। তারা সব ফিলিস্তিনিকে গাজা শহর ত্যাগ করে অন্যত্র চলে যাওয়ার নির্দেশও দিয়েছে। বাসিন্দাদের আলটিমেটাম দেওয়া হয়েছে, নির্দেশ না মেনে শহরে অবস্থান করলে তাদের হামাসের লোক হিসেবে বিবেচনা করা হবে এবং তাদের বিরুদ্ধে পূর্ণ শক্তি দিয়ে লড়াই করবে সামারিক বাহিনী।

এ অবস্থার মধ্যে বৃহস্পতিবারও গাজা ভূখণ্ডজুড়ে অন্তত ৩৪ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা পরিকল্পনা পর্যবেক্ষণ করছে হামাস। তারা আরও সময় চেয়েছে। এই পরিস্থিতির মধ্যে শহর ছাড়ার নির্দেশ গাজাবাসীর জন্য চরম আতঙ্কের হয়ে উঠেছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ওই আলটিমেটাম দেন। এক এক্স পোস্টে তিনি বলেন, গাজার বাসিন্দাদের জন্য দক্ষিণে চলে যাওয়ার এটিই শেষ সুযোগ। যারা গাজায় থাকবে তারা ‘সন্ত্রাসী’ এবং সন্ত্রাসবাদের সমর্থক হিসেবে বিবেচিত হবে।

হামাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এপিকে বলেছেন, ট্রাম্পের প্রস্তাবে কিছু বিষয় রয়েছে, যা অগ্রহণযোগ্য এবং সংশোধন করা উচিত। তিনি বলেন, অন্যান্য ফিলিস্তিনি দলগুলোর সঙ্গে আলোচনার পরই শুধু আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।

এখন পর্যন্ত প্রায় চার লাখ ফিলিস্তিনি দুর্ভিক্ষপীড়িত গাজা শহর ছেড়ে পালিয়ে গেছে। কিন্তু এখনও লাখ লাখ বাসিন্দা বাড়িঘর ছেড়ে যায়নি। তাদের মধ্যে অনেকের ঘরবাড়ি ছেড়ে যাওয়ার সামর্থ্য নেই, অথবা দক্ষিণে তাঁবু শিবিরে যেতে তারা ভয় পাচ্ছে। কারণ সেখানে দৈনন্দিন প্রয়োজন মেটানোর কোনো ব্যবস্থা নেই। বাস্তুচ্যুত গাজার বাসিন্দারা প্রতিদিন তাদের ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নামতে বাধ্য হচ্ছে।

বৃহস্পতিবার কয়েক ঘণ্টা ধরে ইসরায়েলি যুদ্ধবিমান এবং কামানগুলো গাজার বিভিন্ন এলাকায় আঘাত করেছে। দক্ষিণ গাজা শহরের আল-সাব্রা পাড়া ও খান ইউনিসের পূর্ব উপকণ্ঠে হামলা হয়েছে। অন্যদিকে পশ্চিম গাজা শহরের আল-নাসর পাড়া এবং মধ্য গাজার মাগাজি ক্যাম্পে কামানের গোলা পড়েছে।

গাজার বাস্তুচ্যুত বাসিন্দা হুসেইন আল দেল বলেন, ‘ইসরায়েলিরা কারও প্রতি দয়া না দেখিয়েই এলোপাতাড়ি হামলা চালাচ্ছে। আমরা আমাদের খাবার, আসবাব, কম্বল এবং সব কিছু রেখে এসেছি। আমরা শুধু আমাদের জান নিয়ে চলে এসেছি। বাড়ি থেকে আমরা খালি পায়ে বেরিয়ে এসেছি।’

গত ২৪ মাসে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬৬ হাজার ১৪৮ জন নিহত এবং এক লাখ ৬৮ হাজার ৭১৬ জন আহত হয়েছেন। আরও হাজার হাজার মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে।

আরো