রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ১:৪৪ অপরাহ্ণ

প্রায় ৩৫ হাজার পিস নিষিদ্ধ ভারতীয় বিড়ি জব্দ

বি‌ডি মেইল ডেস্ক

হবিগঞ্জের নবীগঞ্জে বিশেষ অভিযানে প্রায় ৩৫ হাজার পিস নিষিদ্ধ ভারতীয় বিড়ি জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় একজন নারীকে আটক করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নের উত্তর গহরপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম। অভিযানে নবীগঞ্জ থানা পুলিশের একটি টিম সহযোগিতা করে। প্রশাসনের এই যৌথ তৎপরতা স্থানীয় এলাকাজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

অভিযান চলাকালে স্থানীয় বাসিন্দা দিলীপ দাসের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৩৫ হাজার পিস ভারতীয় বিড়ি উদ্ধার করা হয়। বিড়িগুলো বিভিন্ন কার্টনে প্যাকেজ করে স্থানীয় বাজারে সরবরাহের প্রস্তুতি চলছিল বলে জানা গেছে। এ সময় বিড়ির কার্টন সরিয়ে ফেলার চেষ্টা করছিলেন রেবা রানী দাস (৪৫) নামের এক নারী, তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়। তিনি দিলীপ দাসের স্ত্রী বলে নিশ্চিত করেছে প্রশাসন।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম বলেন,

“নিষিদ্ধ ভারতীয় বিড়ি সীমান্তবর্তী এলাকায় প্রবেশ করে স্থানীয় বাজারে ছড়িয়ে পড়ছে—এটি দেশের রাজস্ব ক্ষতি ও জনস্বাস্থ্যের জন্য হুমকি। এ ধরনের অবৈধ পণ্য আমদানি ও বিক্রয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভারতীয় বিড়ি চোরাচালানের অভিযোগে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর অধীনে নবীগঞ্জ থানায় মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। জব্দকৃত বিড়িগুলো থানার হেফাজতে রাখা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

প্রশাসন আরও জানায়, সম্প্রতি সীমান্তবর্তী এলাকায় ভারতীয় বিড়ি ও তামাকজাত পণ্যের চোরাচালান বৃদ্ধি পেয়েছে। এ কারণে উপজেলার বিভিন্ন স্পটে নজরদারি বাড়ানো হয়েছে এবং মাঠ পর্যায়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

নবীগঞ্জের সীমান্তবর্তী এলাকায় সম্প্রতি প্রশাসনের একাধিক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় বিড়ি, তামাক ও অন্যান্য চোরাই পণ্য জব্দ করা হয়েছে। প্রশাসনের এমন কঠোর অবস্থান স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে ইতিবাচক বার্তা ছড়িয়েছে।

আরো