বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ণ

বেপজা অর্থনৈতিক অঞ্চলে এইচএসবিসির বিজনেস ডেভেলপমেন্ট অফিস উদ্বোধন

হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড (এইচএসবিসি) বাংলাদেশ চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে (BEPZA Economic Zone) তাদের নতুন বিজনেস ডেভেলপমেন্ট অফিস (BDO) উদ্বোধন করেছে। এই অফিসের মাধ্যমে বেপজা অর্থনৈতিক অঞ্চলে কার্যরত দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের আন্তর্জাতিক ব্যাংকিং সেবা, বাণিজ্য সহায়তা, বিনিয়োগ ও রপ্তানি অর্থায়নে সহযোগিতা প্রদান করবে এইচএসবিসি।

এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের উৎপাদন ও রপ্তানি খাতকে আরও প্রতিযোগিতামূলক ও শক্তিশালী করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে এইচএসবিসি। নতুন বিজনেস ডেভেলপমেন্ট অফিসটি বিনিয়োগকারীদের জন্য এইচএসবিসির বৈশ্বিক ব্যাংকিং নেটওয়ার্কে সহজ প্রবেশাধিকার নিশ্চিত করবে।

বেপজা অর্থনৈতিক অঞ্চলে এই অফিস চালুর মাধ্যমে দেশের বিভিন্ন এক্সপোর্ট প্রসেসিং জোনে (ইপিজেড) এইচএসবিসির বিজনেস ডেভেলপমেন্ট অফিসের সংখ্যা দাঁড়াল সাতটিতে। এর ফলে গ্রাহকরা ব্যাংকটির বৈশ্বিক নেটওয়ার্ক ও আন্তর্জাতিক বাণিজ্য অভিজ্ঞতার সুফল আরও কার্যকরভাবে কাজে লাগাতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেপজা অর্থনৈতিক অঞ্চল, মিরসরাইয়ের প্রকল্প পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আনামুল হক। তিনি বলেন, “এই অর্থনৈতিক অঞ্চলে এইচএসবিসির উপস্থিতি একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী উদ্যোগ। এর ফলে এখানকার বিনিয়োগকারী ও শিল্পপ্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক ব্যাংকিং ও ট্রেড সেবায় সহজ প্রবেশাধিকার পাবে।”

অনুষ্ঠানে বক্তব্য রাখেন এইচএসবিসি বাংলাদেশের চট্টগ্রাম ব্যাংকিং বিভাগের প্রধান ওমর শরীফ। তিনি বলেন, “গত প্রায় তিন দশক ধরে এইচএসবিসি বাংলাদেশের উৎপাদন ও রপ্তানি খাতের সঙ্গে কাজ করছে এবং বর্তমানে দেশের প্রায় ১০ শতাংশ রপ্তানি কার্যক্রমে সহায়তা প্রদান করছে। বেপজা অর্থনৈতিক অঞ্চলে বৈশ্বিক বিনিয়োগকারীদের আগ্রহ আমরা ইতোমধ্যেই লক্ষ্য করছি। বিশ্বমানের ব্যাংকিং সক্ষমতা দিয়ে তাদের প্রবৃদ্ধিতে সহায়তা করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

উদ্বোধনী অনুষ্ঠানে বেপজা অর্থনৈতিক অঞ্চলে কার্যরত বিদেশি বিনিয়োগকারীসহ বেপজা ও এইচএসবিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো