শিবগঞ্জ সীমান্তে ১০২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে অভিযান চালিয়ে ১০২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ (CHOCO+) আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
বুধবার (২৪ ডিসেম্বর) ভোর ৪টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে শিয়ালমারা বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৯/মেইন থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দাইপুকুরিয়া ইউনিয়নের জামাইপাড়া গ্রামে অভিযান চালায়। অভিযানের সময় ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত এসব সিরাপ জব্দ করা হলেও ঘন কুয়াশার সুযোগ নিয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়।
বিজিবি জানায়, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। সম্প্রতি ধারাবাহিক অভিযানে ব্যাটালিয়নটি মোট ৭২২ বোতল বিভিন্ন ধরনের নেশাজাতীয় সিরাপ আটক করেছে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় সব ধরনের মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।