আবারও শিরোনামে সৃজিত-মিথিলা জুটি
দুই বাংলার জনপ্রিয় মুখ, পরিচালক সৃজিত মুখার্জি ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা — এই জুটির ব্যক্তিগত জীবন বরাবরই নজর কাড়ে দর্শক-ভক্তদের। কাজের দুনিয়া হোক বা ব্যক্তিগত সম্পর্ক, তাদের নিয়ে গুঞ্জন যেন থামেই না। সাম্প্রতিক সময়ে আবারও তাদের দাম্পত্য জীবন নিয়ে জোরালো জল্পনা শুরু হয়েছে। এর পেছনে মূল কারণ মিথিলার এক সাম্প্রতিক মন্তব্য।
এক পডকাস্টে অংশ নিয়ে মিথিলা জানান, “২০২৪ সালের জুলাইয়ের পর থেকে আমি আর কলকাতায় যাইনি, আমার ভিসাও নেই।” এই বক্তব্য সামনে আসতেই অনেকেই ধরে নিচ্ছেন, তাদের দাম্পত্যে হয়তো টানাপোড়েন শুরু হয়েছে।
অন্যদিকে, সৃজিতের সঙ্গে ওপার বাংলার অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠতার খবরও টলিউডে চর্চার খোরাক হয়ে উঠেছে। এমনকি দুর্গাপুজোর শুভ সপ্তমীতে সুস্মিতার সঙ্গে একাধিক হাসিমাখা ছবি শেয়ার করেছেন সৃজিত, যেখানে তারা পরেছেন মানানসই পাঞ্জাবি ও শাড়ি। ছবিগুলো দেখে অনেকেই ধারণা করছেন, তাদের সম্পর্ক নেহাতই পেশাগত নয়। যদিও এই বিষয়ে কারো পক্ষ থেকেই কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।
সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে মিথিলার কৌশলী উত্তর। পডকাস্টে যখন সঞ্চালক জানতে চান, “সৃজিত কি এখনও আপনার স্বামী?” — তখন মিথিলা হেসে বলেন, “যারা যা বলছে, বলতে দিন, আমি কিছু বলব না।” এরপর তিনি যোগ করেন, “পাসপোর্টে এখনো ওর নাম আছে।”
এই মন্তব্য থেকেই অনেকে মনে করছেন, সম্পর্কের দূরত্ব এখন প্রকাশ্যেই স্পষ্ট। তাদের ভবিষ্যৎ সম্পর্ক কেমন মোড় নেয়, সে দিকেই এখন নজর রাখছেন দুই বাংলার বিনোদনপ্রেমীরা।