রবিবার, ৩ মে, ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ণ

নির্বাচন ঘিরে পরাজিত শক্তি বাধা দিতে পারে: তথ্য উপদেষ্টা

নির্বাচনকে ঘিরে পরাজিত শক্তি কিছু বাধার সৃষ্টি করতে পারে, সেগুলো অতিক্রম করে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শনিবার (৩ জানুয়ারি) সিলেট প্রেসক্লাবে পিআইবি আয়োজিত নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠান শেষে এ কথা বলেন তিনি।

গণমাধ্যমে আক্রমণ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, আমার বাসার সমানেও ককটেল ফাটিয়েছে, এতে করে কি আমি বাহিনী নিয়ে এখানে এসেছি? অপশক্তিকে শুভশক্তি দিয়ে মোকাবিলা করতে হবে। অপশক্তির কয়টা লোক? ইতিবাচক শক্তিকে সংগঠিত হতে হবে।

উপদেষ্টা আরও বলেন, ভোটের সময় বিভিন্ন জায়গাতে কিছুটা রাজনৈতিক উত্তেজনা থাকে। সরকার আশাবাদী, তা উতরে যাওয়া যাবে। সে জন্য প্রথম থেকেই সরকার কাজ শুরু করেছে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই আতঙ্ক তৈরি করছে পরাজিত শক্তি।গণঅভ্যুত্থানের মাধ্যমে যেহেতু সেই অপশক্তিকে প্রতিহত করা গেছে বাকি চ্যালেঞ্জগুলোও সরকার মোকাবিলা করতে পারবে।

তিনি আরও বলেন,অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে। যেখানে সরকারের কোনো পক্ষের কোনো অবস্থান নেই। মানুষ নির্ভয়ে জেনে-বুঝে ভোটাধিকার যেন প্রয়োগ করতে পারে, সেটাই আমাদের প্রচেষ্টা থাকবে।

সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তথ্যমন্ত্রণালয়ের তথ্য সচিব মাহবুবা ফারজানা, পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ, সিলেটের জেলা প্রশাসক মো.সারওয়ার আলম।

আরো