শুক্রবার, ১ মে, ২০২৬, ৯:৪৫ অপরাহ্ণ

১৮ কোটি মানুষের আইনশৃঙ্খলা নিশ্চিত করা সহজ কাজ নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশের প্রায় ১৮ কোটি মানুষের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত চ্যালেঞ্জিং কাজ—এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকারিতা নিয়ে প্রায়ই সমালোচনা করা হয়। কিন্তু বাস্তবতা হলো, কয়েকজন সাংবাদিকের কথা বলাই থামাতে সময় লেগে যায়, সেখানে ১৮ কোটি মানুষের আচরণ ও কার্যক্রম নিয়ন্ত্রণে রাখা যে কতটা কঠিন, তা সহজেই অনুমেয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনী পূর্ণ প্রস্তুতি নিয়ে কাজ করছে। এই প্রস্তুতি অনুযায়ী দায়িত্ব পালন করা গেলে নির্বাচন হবে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর। নির্বাচন প্রক্রিয়ায় কোনো ধরনের বড় বাধা বা বিশৃঙ্খলার আশঙ্কা নেই বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে মত প্রকাশের যে স্বাধীনতা দেখা যাচ্ছে, তা অতীতের কোনো সময়েই ছিল না। ইন্টারনেট বা সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করার সংস্কৃতি এখন আর গ্রহণযোগ্য নয় উল্লেখ করে তিনি জানান, কেউ যদি এমন সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে সবাই স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছেন। আগে সাংবাদিকরাও অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণের মধ্যে ছিলেন এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে গিয়ে প্রশ্ন করতেও দ্বিধা বোধ করতেন। এখন সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে।

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সন্তোষ প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে নগরীতে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে বলেও জানান তিনি।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন এবং জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

আরো