শনিবার, ২ মে, ২০২৬, ১:৪০ পূর্বাহ্ণ

গ্যাস সংকটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

টানা সাত দিন ধরে গ্যাস সরবরাহ বন্ধ থাকার প্রতিবাদে রাজধানীর রায়েরবাগ–শনিরআখড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে এবং চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর পৌন ১টার দিকে রায়েরবাগ–শনিরআখড়া সড়ক অংশে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন এলাকাবাসী। বিক্ষোভকারীদের অভিযোগ, এক সপ্তাহ ধরে তাদের এলাকায় গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর উদ্যোগ নেয়নি।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন গ্যাস না থাকায় রান্নাবান্না ও স্বাভাবিক জীবনযাপন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেক পরিবার বাধ্য হয়ে বিকল্প জ্বালানি ব্যবহার করছে, যা একদিকে ব্যয়বহুল, অন্যদিকে ঝুঁকিপূর্ণ। বারবার অভিযোগ জানিয়েও সমাধান না পাওয়ায় তারা সড়কে নামতে বাধ্য হয়েছেন বলে জানান বিক্ষোভকারীরা।

তারা আরও বলেন, দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে আন্দোলন আরও কঠোর করা হবে। অবরোধের ফলে ঢাকা ও চট্টগ্রামগামী যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। এতে অফিসগামী মানুষ, পণ্যবাহী যান ও দূরপাল্লার যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে গ্যাস সরবরাহ পুনরায় চালুর বিষয়ে সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত অবরোধ প্রত্যাহারের ব্যাপারে অনড় অবস্থানে রয়েছেন আন্দোলনকারীরা।

ডেমরা জোনের সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) সাজেদুর রহমান বলেন, “রায়েরবাগ ও শনিরআখড়া এলাকায় সাত দিন ধরে গ্যাস না থাকায় স্থানীয় বাসিন্দারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে একাধিক ট্রাফিক টিম কাজ করছে। দ্রুত আলোচনার মাধ্যমে অবরোধ তুলে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

আরো