ডোমারে লাইসেন্স ছাড়া বিএডিসি’র সার বিক্রয়, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা অর্থদণ্ড
রতন কুমার রায়,ডোমার (নীলফামারী) :
নীলফামারীর ডোমারে লাইসেন্স ছাড়া বিএডিসি’র সার বিক্রির দায়ে এক সার ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৪ মার্চ) বিকেলে উপজেলার গোমনাতী বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে সার ব্যবসায়ী মো. নুর আলমকে অর্থদন্ড দেন আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ও পুলিশের একটি টিম অংশ নেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বী জানান, সার ব্যবস্থাপনা আইন ২০০৬-এর ৮(২) ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। গোমনাতী বাজার সংলগ্ন এলাকায় লাইসেন্সবিহীনভাবে বিএডিসির সার বিক্রির অপরাধে মো. নুর আলমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার করায় তাকে প্রথমবারের মতো সতর্ক করা হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
তিনি আরও জানায়, কৃষকদের স্বার্থ রক্ষা ও সার কালোবাজারি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।