শনিবার, ২ মে, ২০২৬, ৬:৩৮ অপরাহ্ণ

ডোমারে বিরোধপূর্ণ জমিতে গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে বিরোধপূর্ণ জমিতে শুকনো গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মজনু (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে পুলিশ।

নিহত মজনু ডোমার পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের ময়দানপাড়া এলাকার মৃত তফির উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১১ মার্চ) সকালে বিরোধপূর্ণ জমিতে থাকা একটি শুকনো গাছ কাটতে যান বাবলু, মজনু ও নুরুল হক কালুসহ তিন ভাই। এ সময় প্রতিপক্ষ বেলাল হোসেন ও তার পরিবারের সদস্যরা গাছ কাটতে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে তিনজন গুরুতর আহত হন।

পরে পরিবারের সদস্যরা আহতদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আসমা জানান, হাসপাতালে আনার আগেই মজনুর মৃত্যু হয়েছে। আহত অপর দুইজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে রেফার করা হয়েছে।

নিহত মজনুর ভাতিজি মিম অভিযোগ করেন, “আমরা থানায় ও ট্রিপল নাইনে ফোন করলেও পুলিশ প্রায় এক ঘণ্টা পরে ঘটনাস্থলে আসে। তারা যদি দ্রুত আসত, তাহলে হয়তো এমন ঘটনা ঘটত না।”

ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল্লাহ হাবিব একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো