যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
আলী আহসান রবি
রাজশাহীর রাজপাড়া এলাকা থেকে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ খলিল হোসেন (৫৬) কে গ্রেপ্তার করেছে র্যাব-২ ও র্যাব-৫ এর যৌথ আভিযানিক দল।
র্যাব জানায়, “বাংলাদেশ আমার অহংকার” স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠালগ্ন থেকেই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাস, চাঁদাবাজি, খুন, অপহরণসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে বাহিনীটি জনমনে আস্থা অর্জন করেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, খলিল হোসেন ভিকটিমকে প্রলোভন দেখিয়ে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় উজিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯(১) ধারায় মামলা (নং-৩৫) দায়ের করা হয়। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হলে, আসামির অনুপস্থিতিতে বিচার কার্য সম্পন্ন হয়।
পরে আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর থেকে আসামি দীর্ঘদিন আত্মগোপনে ছিল।
র্যাব-২ গোয়েন্দা নজরদারি বাড়িয়ে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর সহযোগিতায় গত ৬ এপ্রিল রাতে রাজপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।