বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৩:১৮ পূর্বাহ্ণ

র‍্যানকন অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডে কৌশলগত বিনিয়োগ করলো মিতসুবিশি কর্পোরেশন

র‍্যানকন অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং জাপানের বহুজাতিক প্রতিষ্ঠান মিতসুবিশি কর্পোরেশনের মধ্যে নতুন কৌশলগত অংশীদারিত্ব সম্পন্ন হয়েছে। এই অংশীদারিত্বের চুক্তির মাধ্যমে মিতসুবিশি কর্পোরেশন এখন র‍্যানকন অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নতুন বিনিয়োগকারী প্রতিষ্ঠান হিসেবে যুক্ত হয়েছে। চুক্তি অনুযায়ী, মিতসুবিশি কর্পোরেশন কোম্পানিটির ২৫ শতাংশ শেয়ারের বিনিময়ে উল্লেখযোগ্য পরিমাণে বিনিয়োগ করেছে। এই অংশীদারিত্বের মূল লক্ষ্য হলো উৎপাদন সক্ষমতা বাড়ানো, ডিস্ট্রিবিউশন ব্যবস্থা আরও শক্তিশালী করা এবং দেশীয় গ্রাহকদের আরও ভালো সেবা দেওয়া। পাশাপাশি আঞ্চলিক বাজারেও ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

২০১৭ সালে প্রতিষ্ঠিত র‍্যানকন অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেশের ভোক্তাদের জন্য বিভিন্ন স্বনামধন্য ব্র্যান্ডের যানবাহন উৎপাদন ও অ্যাসেম্বলি করে আসছে। সরকারের স্থানীয় উৎপাদন নীতিমালার অংশ হিসেবে ২০২৫ সালের জুন মাসে প্রতিষ্ঠানটি দেশে মিতসুবিশির জনপ্রিয় এক্সপ্যান্ডার মডেলের স্থানীয় উৎপাদন ও বাজারজাতকরণ শুরু করে। বর্তমানে এটি দেশের সর্বাধিক বিক্রিত ফ্যামিলি এসইউভি। এই উদ্যোগকে দেশের অটোমোটিভ শিল্পের জন্য বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
মিতসুবিশি কর্পোরেশন-এর এই কৌশলগত বিনিয়োগ ডিস্ট্রিবিউশন, সেলস এবং মার্কেটিং কার্যক্রমকে আরও শক্তিশালী করবে এবং সাপ্লাই চেইনের স্থিতিশীলতা বৃদ্ধি করবে। পাশাপাশি তাদের বৈশ্বিক অভিজ্ঞতা ও বাজার প্রবেশাধিকারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এবং বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইডা শিনিচি। এছাড়া, উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সেসময় উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মিতসুবিশি কর্পোরেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ডিভিশন সিওও হিরোয়ুকি এগামি পুনর্ব্যক্ত করেন যে, বিশ্বের বিভিন্ন দেশে অটোমোটিভ খাতে তাদের অর্জিত অভিজ্ঞতা ও দক্ষতা রেইল-এর সাথে অংশীদারিত্ব স্থাপনে ইতিবাচক ভূমিকা রেখেছে। এই যৌথ উদ্যোগের সফলতা নিশ্চিতে সবরকম চেষ্টা অব্যাহত রাখবে।

র‍্যানকন হোল্ডিংস লিমিটেড-এর গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর রোমো রউফ চৌধুরী বলেন, “মিতসুবিশি কর্পোরেশনের বৈশ্বিক দক্ষতা এবং র‍্যানকনের স্থানীয় বাজার সম্পর্কে গভীর ধারণা – বাংলাদেশের অটোমোটিভ শিল্পকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেশের অটোমোটিভ খাতে এমন কৌশলগত যৌথ উদ্যোগ এটিই প্রথম, যা বাংলাদেশ-জাপান বাণিজ্য সম্পর্ককে আরও দৃঢ় করবে বলে আমার বিশ্বাস।”

এই কৌশলগত বিনিয়োগের মাধ্যমে সাশ্রয়ী ও সহজলভ্য যানবাহনে অর্থায়নের সুযোগ বৃদ্ধি পাবে, বিক্রয়-পরবর্তী সেবা আরও উন্নত হবে, সাশ্রয়ী মূল্যে স্পেয়ার পার্টস পাওয়া যাবে এবং দেশব্যাপি ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আরও শক্তিশালী হবে। পাশাপাশি, জাপানি প্রযুক্তি ও বাংলাদেশের স্থানীয় বাজার সম্পর্কে জ্ঞান বিনিময়ের মাধ্যমে একটি দক্ষ স্থানীয় জনশক্তি গড়ে তোলা সম্ভব হবে এবং ভ্যাট ও করের মাধ্যমে সরকারি রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে।

আরো