শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ

ছেলের কারণে সৌদি ছাড়তে পারেন রোনালদো

সৌদি আরবের ক্লাব আল নাসরে ক্রিস্তিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে নতুন অনিশ্চয়তা। লিগ কর্তৃপক্ষের সঙ্গে বিরোধের জেরে চলতি গ্রীষ্মেই ক্লাব ছাড়তে পারেন এই পর্তুগিজ মহাতারকা, এমনটাই জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সূত্র।

প্রতিবেদন অনুযায়ী, রোনালদো তার ছেলে ক্রিস্তিয়ানো রোনালদো জুনিয়রকে আল নাসরের মূল দলে অন্তর্ভুক্ত করার অনুরোধ জানান। তবে সৌদি প্রো লিগ কর্তৃপক্ষ সেই প্রস্তাব সরাসরি নাকচ করে দেয়।

লিগের নিয়ম অনুযায়ী, ১৮ বছরের কম বয়সী কোনো খেলোয়াড় শীর্ষ পর্যায়ের লিগে অংশ নিতে পারে না। এই নীতির বাইরে গিয়ে কোনো ব্যতিক্রম করা হবে না বলেও জানিয়ে দেয় বোর্ড। ফলে রোনালদোর মতো বিশ্বখ্যাত তারকার ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়নি।

এই ঘটনাকে কেন্দ্র করে রোনালদো ও লিগ কর্তৃপক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে।

ফুটবল বিশ্লেষকদের মতে, বিষয়টি রোনালদোর ভবিষ্যৎ সিদ্ধান্তে বড় প্রভাব ফেলতে পারে।
এদিকে, মাঠের পারফরম্যান্সে দারুণ ছন্দে রয়েছেন রোনালদো। তার নেতৃত্বে আল নাসর বর্তমানে শিরোপা জয়ের দ্বারপ্রান্তে।

আরো