সোমবার, ৪ মে, ২০২৬, ২:২৮ পূর্বাহ্ণ

খাল দখলে জলাবদ্ধতা: সীতাকুণ্ডে জিপিএইচ ইস্পাতের প্রভাবে পানির নিচে গ্রাম

নিজস্ব প্রতি‌বেদক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মছজিদ্দা গ্রাম আজ ভয়াবহ জলাবদ্ধতার কবলে। স্থানীয়দের অভিযোগ, জিপিএইচ ইস্পাত লিমিটেড-এর খাল দখল ও কারখানা সম্প্রসারণের কারণে পুরো গ্রাম পানির নিচে তলিয়ে যাচ্ছে।

একসময় পাহাড় আর সাগরবেষ্টিত সবুজ-শ্যামল এই গ্রামটি ছিল সবজি চাষের জন্য সুপরিচিত। কিন্তু ২০১৮ সালের পর থেকে জিপিএইচ ইস্পাতের আগ্রাসী দখলের ফলে গ্রামের প্রাকৃতিক পানি নিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়ে। স্থানীয়দের দাবি, প্রায় ৪০ ফুট প্রশস্ত একটি খাল ভরাট করে কারখানা গড়ে তোলা হয়েছে, যার ফলে বৃষ্টির পানি আর স্বাভাবিকভাবে বের হতে পারছে না।

গ্রামের পূর্ব পাশে বিস্তৃত জঙ্গলবাঁশবাড়িয়া পাহাড় থেকে নেমে আসা পানি আগে খাল দিয়ে সাগরে গিয়ে পড়ত। এখন সেই পথ বন্ধ হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই হাঁটু থেকে কোমরসমান পানিতে ডুবে যাচ্ছে বসতবাড়ি, স্কুল ও মসজিদ। হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন স্থাপনা নিয়মিত জলাবদ্ধতায় অচল হয়ে পড়েছে।

গ্রামবাসীদের অভিযোগ, তারা বারবার প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দিলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ভূমি অফিস, পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসনসহ বিভিন্ন সংস্থার তদন্তে খাল দখলের সত্যতা মিললেও বাস্তবে পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি।

ভুক্তভোগী মানবাধিকারকর্মী আবু বক্কর চৌধুরী বলেন, “বছরের পর বছর আমরা অভিযোগ করছি, তদন্ত হচ্ছে, কিন্তু সমাধান আসছে না। সামান্য বৃষ্টিতেই পুরো গ্রাম পানিতে তলিয়ে যায়, আর এই পানি দীর্ঘদিন ধরে থাকে।”

এদিকে, খাল দখলের পাশাপাশি বসতভিটা ও আবাদি জমি জোরপূর্বক দখলের অভিযোগও উঠেছে। কয়েকটি পরিবার দাবি করেছে, জাল দলিলের মাধ্যমে তাদের জমি দখল করা হয়েছে। এ বিষয়ে কেউ কেউ আদালতের শরণাপন্ন হয়েছেন।
বর্ষা মৌসুম ঘনিয়ে আসায় গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক আরও বাড়ছে। দ্রুত খাল উদ্ধার ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না নিলে পুরো গ্রাম স্থায়ীভাবে বসবাসের অযোগ্য হয়ে পড়ার আশঙ্কা করছেন তারা।

আরো