সোমবার, ২৫ মে, ২০২৬, ৩:৪১ পূর্বাহ্ণ

‘নেইমারকে বিশ্বকাপ দলে রাখা হয়েছে শুধুই মার্কেটিংয়ের জন্য’

সব নাটকীয়তার অবসান ঘটিয়ে ব্রাজিলের চূড়ান্ত বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন নেইমার জুনিয়র। কিন্তু কার্লো আনচেলত্তির ২৬ সদস্যের স্কোয়াডে জায়গা পাওয়ার দিন দুয়েক পরই আবারও নতুন করে চোটে পড়েন। তাই স্কোয়াডে থাকলেও তাকে কতটুকু গেইম টাইম দেওয়া হবে তা নিয়ে হচ্ছে আলোচনা-সমালোচনা। ব্রাজিলের ক্রীড়া সাংবাদিক মাউরো সেজারো মনে করছেন, শুধুমাত্র মার্কেটিংয়ের জন্য নেইমারকে বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয়েছে।

ব্রাজিলের ইউওএল চ্যানেলের ‘পসে জি বোলা’ অনুষ্ঠানে নেইমারকে নিয়ে মাউরো বলেন, ‘গত সোমবার আমরা যা দেখলাম, তা আসলে একটা করুণ ও সস্তা মার্কেটিংয়ের নাটক ছাড়া আর কিছুই নয়। ব্যাপারটা খুবই সাধারণ। এখন দেখে মনে হচ্ছে আমরা যেন ২০১৪ সালে পড়ে আছি।’

‘২০১৪ সালে চোটাক্রান্ত নেইমারকে দলে নেওয়াটা তাও অর্থবহ ছিল, কিংবা ২০১০ সালেও ওকে নেওয়া যেত—যদিও দুঙ্গা তখন নেননি। কিন্তু বর্তমানে ও মাঠে যা খেলছে, দোহাই আপনাদের, এই অবস্থায় ওকে দলে নেওয়ার কোনো যৌক্তিকতাই নেই। সান্তোস নিজেদের মাঠে খেলেও প্যারাগুয়ের পুঁচকে ক্লাব রেকোলেতার সঙ্গে জিততে পারল না, যাদের মাসকট হচ্ছে একটা মুরগির ছানা!’

নেইমার তার সেরা ফর্ম অনেক আগেই হারিয়েছেন। এমনকি ক্লাব ফুটবলেও কোনোরকমে খেলছেন। তার ফর্ম নিয়ে মাউরো বলেন, ‘নেইমার কিন্তু এখন আর আগের মতো সেই মাঠ কাঁপানো ফুটবলার নেই, ভাই। একদমই নেই। ওকে দলে নেওয়া হচ্ছে স্রেফ প্রভাব খাটিয়ে, গায়ের জোরে।’

‘শারীরিক সমস্যা থাকার পরও নেইমারকে জাতীয় দলে ডাকাটা আসলে ‘গায়ের জোরে’ বা প্রভাব খাটিয়ে নেওয়া এবং এটি এখন স্রেফ একটা মার্কেটিংয়ের খেলায় পরিণত হয়েছে।’-যোগ করেন তিনি।

আরো