সোমবার, ৮ জুন, ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ণ

ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর জেরে এশিয়ার বিভিন্ন দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এসব দেশের উপকূলীয় এলাকা থেকে সাধারণ মানুষকে দ্রুত সরে যাওয়ার আহ্বানও জানানো হয়েছে।

স্থানীয় সময় সোমবার (৮ জুন) সকাল ৭টা ৪০ মিনিটে মিন্দানাও দ্বীপে আঘাত হানে ভূমিকম্পটি- এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ফিলিপাইন উপকূলে প্রায় ১০ ফুট উঁচু জলোচ্ছ্বাস এবং ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াতে ৩ ফুটেরও উঁচু জলোচ্ছ্বাস আঘাত হানতে পারে।

ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং জাপান সরকার সুনামির সতর্কতা জারি করে বলেছে উপকূলীয় অঞ্চলে বিপজ্জনক বড় ঢেউ আঘাত হানতে পারে।

ফিলিপাইনের প্রেসিডেন্ট মার্কো এক জরুরি বার্তায় বলেছেন, কোনো অপেক্ষা না করে আপনারা সবাই উঁচু স্থানে চলে যান। তিনি জানান মিন্দানাওয়ের একাধিক উপকূলীয় অঞ্চলে ইতোমধ্যে প্রভাব পড়া শুরু হয়েছে।

জাপানের প্রধানমন্ত্রী সানাডে তাকাচিও সাধারণ মানুষকে সুনামি সতর্কতা মেনে চলার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেছেন, যদি উঁচু স্থানে চলে যাওয়ার নির্দেশনা আসে তাহলে যেন সবাই এ নির্দেশনা মেনে চলেন।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, মাটির ৩৫ কিলোমিটার গভীরে শক্তিশালী এ ভূমিকম্পটি আঘাত হানে।

সূত্র: বিবিসি, আলজাজিরা

আরো