ওয়ালটনের নতুন ৫জি স্মার্টফোন ‘জেনন এক্স২২ ৫জি’ বাজারে
দেশের শীর্ষ প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন বাজারে এনেছে ‘জেনন’ সিরিজের নতুন ৫জি স্মার্টফোন ‘জেনন এক্স২২ ৫জি’। আধুনিক প্রযুক্তি, শক্তিশালী প্রসেসর, উন্নত ক্যামেরা, দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং আকর্ষণীয় ডিজাইনের সমন্বয়ে তৈরি এই স্মার্টফোনটি গ্রাহকদের জন্য দ্রুতগতির ও স্মার্ট ডিজিটাল অভিজ্ঞতা নিশ্চিত করবে।
ওয়ালটন মোবাইলের চিফ বিজনেস অফিসার আবু জাহিদ জানান, নতুন স্মার্টফোনটি অবসিডিয়ান গ্রে ও জেনিথ গ্রিন—এই দুটি আকর্ষণীয় রঙে পাওয়া যাচ্ছে। ফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট ছাড়া)। দেশের সব ওয়ালটন প্লাজা, নেক্সজি ব্র্যান্ডশপ, পরিবেশক শোরুম, মোবাইল ফোনের ব্র্যান্ড ও রিটেইল আউটলেট থেকে ফোনটি কেনা যাবে। এছাড়া ওয়ালটনের অনলাইন সেলস প্ল্যাটফর্ম থেকেও সহজেই অর্ডার করা যাবে।
জানা গেছে, নতুন জেনন এক্স২২ ৫জি স্মার্টফোনে রয়েছে ৬ ন্যানোমিটারের শক্তিশালী মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ৫জি প্রসেসর, যা দ্রুতগতির পারফরম্যান্স নিশ্চিত করবে। অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমচালিত এই ফোনে ব্যবহার করা হয়েছে এলপিডিডিআর৫ (LPDDR5) মেমোরি প্রযুক্তি। এতে রয়েছে ৮ জিবি র্যাম, যা র্যাপিড মেমোরি প্রযুক্তির মাধ্যমে সর্বোচ্চ ১৬ জিবি পর্যন্ত সম্প্রসারণযোগ্য। এছাড়া রয়েছে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ফোনটিতে রয়েছে ৬.৮ ইঞ্চির ইউ-নচ আইপিএস ডিসপ্লে, ১২০ হার্জ রিফ্রেশ রেট এবং ৬৩০ নিটস এইচবিএম ব্রাইটনেস। ফলে ভিডিও দেখা, গেমিং, ইন্টারনেট ব্রাউজিং কিংবা দৈনন্দিন ব্যবহারে পাওয়া যাবে আরও মসৃণ ও প্রাণবন্ত অভিজ্ঞতা।
ফটোগ্রাফিপ্রেমীদের জন্য ফোনটির পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৫২ সেন্সরসমৃদ্ধ প্রধান ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং সামনের দিকে রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এতে নাইট মোড, প্রো ভিডিও, স্লো মোশন, ম্যাক্রোসহ একাধিক শুটিং মোড এবং ২কে ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন (EIS) সুবিধাসহ ভিডিও রেকর্ডিংয়ের সুযোগ রয়েছে।
দীর্ঘ সময় নিরবচ্ছিন্ন ব্যবহারের জন্য ডিভাইসটিতে রয়েছে ৬,০০০ এমএএইচ ক্ষমতার উচ্চক্ষমতাসম্পন্ন ব্যাটারি এবং ১৮ ওয়াট টাইপ-সি ফাস্ট চার্জিং সুবিধা। পাশাপাশি ফোনটিতে আইপি৬৪ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স, সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়াল মাইক অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন, স্মার্ট টাচ, নেটলেস চ্যাট, ডাইনামিক উইন্ডো, অ্যাপ ক্লোন, অ্যান্টি-থেফট টাচ মোড ও হিডেন অ্যাপসসহ নানা স্মার্ট ফিচার যুক্ত করা হয়েছে।
ওয়ালটনের নিজস্ব অত্যাধুনিক কারখানায় তৈরি জেনন এক্স২২ ৫জি স্মার্টফোনে গ্রাহকরা পাচ্ছেন ৩০ দিনের রিপ্লেসমেন্ট সুবিধা এবং এক বছরের বিক্রয়োত্তর সেবা। অত্যাধুনিক প্রযুক্তি, শক্তিশালী হার্ডওয়্যার এবং সাশ্রয়ী মূল্যের সমন্বয়ে নতুন এই ৫জি স্মার্টফোন দেশের স্মার্টফোন বাজারে নতুন মাত্রা যোগ করবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।