আরএমপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ভূমিমন্ত্রী: নিরাপদ রাজশাহী গড়তে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান
রাজশাহীর শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে পুলিশ সদস্যদের নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি।
বুধবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরে আরএমপির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ভূমিমন্ত্রী বলেন, রাজশাহী দেশের অন্যতম শান্তিপূর্ণ, নিরাপদ, সবুজ ও শিক্ষানগরী। এই সুনাম ধরে রাখতে পুলিশ বাহিনীকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ লক্ষ্য অর্জনে নিরলসভাবে কাজ করছে। ‘দুষ্টের দমন ও শিষ্টের পালন’ নীতিতে একটি নিরাপদ ও বাসযোগ্য রাজশাহী গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, ৩৪ বছর আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে আরএমপি প্রতিষ্ঠিত হয়। এ সময় তিনি তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং আরএমপির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, সাবেক মেয়র মো. মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ফরিদুল ইসলাম, আরডিএ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকার, জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশাসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভূমিমন্ত্রীর নেতৃত্বে আরএমপি সদর দপ্তর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।