কুটির ও ক্ষুদ্র উদ্যোগ বিকাশে পিকেএসএফ-এর বিশেষ উদ্যোগ
দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কুটির ও ক্ষুদ্র উদ্যোগ বিকাশে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। আজ মঙ্গলবার রাজধানীতে অনুষ্ঠিত পিকেএসএফ-এর পরিচালনা পর্ষদের ২৬২তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
পিকেএসএফ-এর চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য ড. সহিদ আকতার হোসাইন, নূরুন নাহার, ফারজানা চৌধুরী, ড. মো. তৌফিকুল ইসলাম, লীলা রশিদ এবং পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের।
সভায় জানানো হয়, দেশের মোট কর্মসংস্থানের একটি বড় অংশ কুটির ও ক্ষুদ্র শিল্প খাতে যুক্ত থাকলেও জাতীয় অর্থনীতিতে এ খাতের অবদান এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছেনি। এ প্রেক্ষিতে, সম্ভাবনাময় এই খাতের বিকাশে চলতি অর্থবছরে পিকেএসএফ মোট ৪,৭৮৩ কোটি টাকা বরাদ্দ করেছে।
এ অর্থের সঙ্গে পিকেএসএফ-এর নিজস্ব তহবিল ও অন্যান্য উৎস থেকে প্রাপ্ত অর্থ যুক্ত করে সহযোগী সংস্থাগুলোর মাধ্যমে প্রায় ৯০,০০০ কোটি টাকা উদ্যোক্তাদের মাঝে বিতরণের পরিকল্পনা করা হয়েছে।
পিকেএসএফ আশা করছে, এই উদ্যোগের মাধ্যমে গ্রামীণ ও শহরাঞ্চলে নতুন উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।