২৪ লাখ জরিমানায় মুক্ত ইস্ট কেক ও ইস্ট বেকার
বিডি মেইল ডেস্ক:-
ইস্ট কেক ও ইস্ট বেকারে ভেজালের দায় স্বীকার করে ২৪ লাখ টাকা জরিমানা দিয়ে মামলা থেকে অব্যহতি পেয়েছে চীনা কোম্পানি ইস্ট জিবাই ইন্টারন্যাশনাল ফুড লিমিটেড। ভবিষ্যতে আর ভেজাল না মেশানোর মুচলেকা দিয়েছে কোম্পানিটি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার বিশুদ্ধ খাদ্য আদালত উপস্থিত হয়ে দোষ স্বীকার করলে ওই আদেশ দেন বিচারক।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের স্যানিটেশন কর্মকর্তা ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাং কামরুল হাসান ওই মামলা দায়ের করেন। মামলা আমলে নিয়ে প্রত্যেক আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল।
এরআগে ইস্ট জিবাই ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডের ইস্ট কেক, ইস্ট বেকার এবং আরবোটিং ফুড কোম্পানি লিমিটেড আরবোটিং ফুডে ভেজালের দায় স্বীকারোক্তি দেয়। তারই প্রেক্ষিতে গত ১৬ জুলাই ভেজাল খাবারগুলো বাজার থেকে প্রত্যাহারের নির্দেশনা দেওয়া হয়।
আদালত সুত্র জানিয়েছে, বিদেশি ওই কোম্পানির পণ্যে ভেজালের দায়ে আরবোটিং ফুড কোং লিমিটেডের মালিক শেন ঝিহাও এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ১৬ জুলাই দোষ স্বীকার করে জামিনের আবেদন করলে, নিম্নমানের পণ্য বাজার থেকে স্বউদ্যোগে প্রত্যাহার এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে সহযোগিতার শর্তে অন্তবর্তীকালীন জামিন দেওয়া হয়ে। নিম্নমানের পণ্যগুলো বাজার থেকে প্রত্যাহারের প্রমাণসহ ১২ আগস্ট হাজির হতে নির্দেশনা প্রদান করে ঢাকা বিশুদ্ধ খাদ্য আদালত-২ এর বিচারক (যুগ্ম জেলা ও দায়রা জজ) মাহমুদুল হক।
তারই ধারাবাহিকতায় ১২ আগস্ট আদালতে হাজির হয়ে আরবোটিং ফুড বাজার থেকে তাদের পণ্য প্রত্যাহার করে নেওয়ার কথা জানায়। একইসঙ্গে ভবিষ্যতে অপরাধ থেকে বিরত থাকার মুচলেকা দিলে ১০ লাখ টাকার জরিমানা করা হয়।
এর একদিন পর ইস্ট জিবাই ইন্টারন্যাশনাল ফুড লিমিটেড আদালতে হাজির হলে ২৪ লাখ টাকা জরিমানার আদায় করা হয়।
অন্যদিকে ১৩ আগস্ট কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রস্তুতকৃত কাজী ফার্মস কিচেনের ভ্যানিলা মাফিন কেক ও চকলেট মাফিন কেকে ভেজালের দায়ে মামলা দায়ের করা হয়েছে। নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাং কামরুল হাসান ওই মামলায় মালিক কাজী জাহিন শাহপর হাসানকে আসামি করা হয়েছে। আদালত মামলা আমলে নিয়ে সমন জারি করেছেন বলে জানা গেছে।